পৃথা দাশগুপ্ত, কলকাতা: সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে অশান্তি ও উত্তেজনা। ক্যাম্পাসে আয়োজিত নিখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই ছাত্রগোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষ। কর্তৃপক্ষের অনুমতি নিয়েই ওই অনুষ্ঠান চলছিল বলে দাবি। অভিযোগ, সেই সময় এসআরএফটি-র কিছু পড়ুয়া সেখানে ঢুকে তাঁদের পতাকা ছিঁড়ে ফেলে। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তীব্র বচসা।
পড়ুয়াদের অভিযোগ, ক্যাম্পাসে হামলা চালিয়েছে বহিরাগতরাই। দুই পক্ষের মধ্যে হাতাহাতি ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে ডিসি অরিন্দম সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ।
পরিস্থিতি এখনও উত্তপ্ত। পড়ুয়ারা ক্যাম্পাসের গেট আটকে রেখেছেন। একটি বাসও আটকে রাখা হয়। ছাত্রছাত্রীদের অভিযোগ, ওই বাসেই আরএসএস-এর লোক রয়েছে। অভিযোগ, গেটের বাইরে থেকে ছোড়া হয়েছে ইট, জলের বোতল। ভিতরে আটকে রয়েছেন বেশ কয়েকজন যাঁরা আরএসএস-এর সমর্থক। চার জন আহত ।
অভিযোগ উঠেছে, অনুষ্ঠান চলার সময় মঞ্চ থেকে বেশ কিছু ব্যক্তি অত্যন্ত উগ্র এবং উস্কানিমূলক বক্তৃতা দিচ্ছিলেন। সাধারণ ছাত্র-ছাত্রীরা তার প্রতিবাদ করতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং নিমেষের মধ্যে পুরো ক্যাম্পাস জুড়ে হামলা ও মারধরের অভিযোগ ওঠে।
পরিস্থিতির গুরুত্ব বুঝে আরও পুলিশ মোতায়েন করা হয়েছে এসআরএফটি চত্বরে। ঘটনার তদন্ত করছে পুলিশ।