বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ দেখা যাবে ভারতে? কী বলল আদালত?

5

১২ মে, ২০২৬, গুয়াহাটি: ১১ জুন শুরু ফুটবল বিশ্বকাপ। এবার ফিফা বিশ্বকাপের আসর বসছে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে। এবার ১০৪ ম্যাচ হবে। কিন্তু বিশ্বকাপের সব ম্যাচ কি ভারতে দেখা যাবে? তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ভারতে বিশ্বকাপের সব ম্যাচ সম্প্রচার করার অধিকার পেতে ফিফার কাছে আবেদন করেছিল জিওস্টার। এজন্য ফিফাকে তারা ২০ লক্ষ মার্কিন ডলার দিতে রাজি ছিলেন। কিন্তু ফিফা জিওস্টারের আবেদন খারিজ করে দেয়। ভারতীয় বিশাল বাজারের কথা মাথায় রেখে ৩৫ লক্ষ মার্কিন ডলার দাবি করে ফিফা।

এদিকে প্রসার ভারতী উদ্বোধনী ম্যাচ, কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল এবং ফাইনাল ম্যাচ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। এনিয়েই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আইনজীবী অবধেশ বৈরওয়া। প্রসার ভারতী যাতে সব কটি ম্যাচই বিনামূল্যে সম্প্রচার করে সেজন্য উচ্চ আদালতের কাছে প্রয়োজনীয় নির্দেশ জারি করার আবেদন জানিয়েছেন তিনি।

এনিয়ে মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতীকে নোটিস জারি করেছে দিল্লি হাইকোর্ট। আগামী সপ্তাহে বিচারপতি পুরুষাইন্দ্র কুমার কৌরভের এজলাসে এই মামলার শুনানি হবে। এই মামলাকে জনস্বার্থ মামলা হিসেবেই দেখছে আদালত।