খারাপ দিন আসছে…. শপথের আঙিনায় শুভেন্দুকে জড়িয়ে ধরে কাদের বার্তা হিমন্তর?

29

১২ মে ২০২৬, গুয়াহাটি: এবার অসমে সেঞ্চুরি, বাংলায় ডাবল সেঞ্চুরি হবে। এক দফায় অসমের ভোট মিটতেই বাংলায় পরিবর্তনের পালে হাওয়া টানতে প্রচারে ঝাপিয়ে পড়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মূলত উত্তরবঙ্গে বাংলাদেশ সীমান্ত লাগোয়া বিধানসভাগুলিতে চুটিয়ে প্রচার করেছেন তিনি। তাঁর প্রচারের অন্যতম হাতিয়ারই ছিল অনুপ্রবেশের বিরোধিতা। প্রচারে গিয়ে বাছা বাছা শব্দে তৎকালীন তৃণমূল সরকারকে বিঁধেছিলেন হিমন্ত। তা নিয়ে বিতর্কও হয়েছে।

শেষপর্যন্ত বাংলায় পালা বদল হয়েছে। দুশোর বেশি আসন পেয়ে সরকার গড়েছে বিজেপি। অসমেও বিজেপি জোট একশোর বেশি আসন পেয়ে ক্ষমতা ধরে রেখেছে। প্রত্যাশিতভাবেই ফের মুখ্যমন্ত্রীর তখতে হিমন্ত বিশ্ব শর্মা। বাংলার মতো অসমেও টানা তৃতীয়বার বিজেপি নেতৃত্বাধীন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত হয়েছিলেন। এই তালিকায় ছিলেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

শুভেন্দুর শপথে ছিলেন হিমন্ত। এবার হিমন্তর শপথে শুভেন্দু। বাংলার মুখ্যমন্ত্রীকে শপথের মঞ্চেই জড়িয়ে ধরে উষ্ণ ভাব বিনিয়মের ছবি ইতিমধ্যেই ভাইরাল। সেই ছবিই সমাজ মাধ্যমে পোস্ট করে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। দুজনের উষ্ণ ভাব বিনিময়ের ছবির ক্যাপশনে হিমন্ত লিখেছেন, খারাপ দিন আসছে.. (আপনি জানেন কাদের)। কাদের উদ্দেশ্য করে এই পোস্ট হিমন্তের? এনিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

বাংলার প্রচারে গিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হিমন্ত হুঁশিয়ারি দিয়েছেন, অসমে অনুপ্রবেশকারীদের শুধরে দিলেও বাংলায় ঢুকে তারা পার পেয়ে যায়। দুই রাজ্যেই বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের লাথি মেড়ে তাড়াবেন। এদিন কী ফের একবার সেই বার্তাই হেঁয়ালিতে জানিয়ে রাখলেন হিমন্ত? সহমত শুভেন্দুও? সময় বলবে।