ত্রিপুরার ফটিকরায়ে বিনামূল্যে হেলমেট বিতরণ

3

TRIPURA-র ঊনকোটি জেলার ফটিয়রায়ে রাস্তার পাশে সাজিয়ে রাখা সারি সারি হেলমেট। রাস্তায় বাইক দেখলেই হাত নেড়ে দাঁড় করাচ্ছেন কয়েকজন যুবক। তারপর বাইক আরোহীদের হাতে তুলে দিচ্ছেন নতুন হেলমেট। না, বিক্রির কোনও ব্যাপার নেই, সবটাই বিনামূল্যে। আশ্চর্য ঘটনাটি ত্রিপুরার ঊনকোটি জেলার ফটিকরায়ের। মানুষের প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা। রাস্তার ধারে অসংখ্য হেলমেট সাজিয়ে অপেক্ষায় রয়েছেন কয়েকজন তরুণ। রাস্তায় চলন্ত বাইক বা স্কুটি থামিয়ে দাঁড় করাচ্ছেন। কথা বলছেন আরোহীদের সঙ্গে। তারপর প্রত্যেকের হাতে তুলে দিচ্ছেন নতুন হেলমেট। কোনও ব্যবসায়িক উদ্দেশ্য নয়, স্রেফ আরোহীদের নিরাপত্তার স্বার্থেই এই প্রচেষ্টা ফটিকরায়ের বিজেপি যুব মোর্চার।

স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাসের জন্মদিন উপলক্ষে ফটিকরায় যুব মোর্চার উদ্যোগে আয়োজন করা হয় নানা কর্মসূচির। এই কর্মসূচিতে ছিল নতুন হেলমেট তুলে দিয়ে বাইক চালকদের সচেতন করে তোলা। ফটিকরায় বিদ্যাসাগর সেতু লাগোয়া নেতাজি চৌমুহনিতে হেলমেটবিহীন বাইক-স্কুটি চালকদের থামিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় নতুন হেলমেট। ফটিকরায় যুব মোর্চার সভাপতি প্রীতম বিশ্বাস বলেন, মন্ত্রী সুধাংশু দাসের জন্মদিন উপলক্ষে সকলেই মন্ত্রীর দীর্ঘায়ু কামনা করছেন। মন্ত্রী দাসের মতো অন্যরাও যাতে দীর্ঘ জীবন পান সেই কামনা করেই হেলমেট বিহীন বাইক চালকদের মধ্যে হেলমেট বিতরণ করা হয় এদিন। রাজ্যের মন্ত্রী সুধাংশু দাসের জন্মদিন উপলক্ষে ফটিকরায় যুব মোর্চার পক্ষ থেকে হাসপাতালে রোগীদের মধ্যে ফলমূল বিলি করা হয়। জানালেন ফটিকরায় যুব মোর্চার সভাপতি প্রীতম বিশ্বাস। এদিনের কর্মসূচিতে ফটিকরায় যুব মোর্চার মণ্ডল সভাপতি প্রীতম বিশ্বাস ছাড়াও ফটিকরায় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা যুবনেতা রাজীব দাস এবং অন্যান্য নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। প্রীতম বিশ্বাস জানান, এদিন প্রায় ৩০ জনের হাতে হেলমেট তুলে দেওয়া হয়েছে। মন্ত্রীর জন্মদিনে যুনব মোর্চার এই ব্যতিক্রমী উদ্যোগে সকলেই খুশি।