নতজানু হয়ে প্রণাম, মোদীর পদাঙ্ক অনুসরণ শুভেন্দুর!

12

১৩ মে ২০২৬, গুয়াহাটি: মুখ্যমন্ত্রী রূপে পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রথম প্রবেশ মুহূর্তকে অবিনশ্বর করে রাখলেন ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারী। বিধানসভায় তাঁর জন্যই পেতে রাখা লাল কার্পেটে পা রাখার আগে জুতো খুলে সাষ্টাঙ্গ প্রণাম শুভেন্দু অধিকারীর।


স্মরণযোগ্য ২০১৪ লোকসভা নির্বাচনের পর সংসদে নরেন্দ্র মোদীর প্রবেশ মুহূর্ত। প্রধানমন্ত্রী হওয়ার পর মোদীর সংসদে প্রবেশের মুহূর্ত ভারতীয় রাজনীতির লোকগাথায় পরিণত হয়েছে। সেই প্রথম কোনও প্রধানমন্ত্রী সংসদের সিঁড়িতে মাথা ছুঁইয়ে প্রবেশ করেছিলেন লোকসভায়।


কয়েকদিন আগে ভরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাংলার প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানেও বঙ্গবাসীর প্রতি মোদীর নতজানু হয়ে প্রণামও ঐতিহাসিক মুহূর্ত তৈরি করেছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকেও দেখা গিয়েছে আদিবাসী-জনজাতি সম্প্রদায়ের সামনে নতজানু হয়ে প্রণাম করতে।


বাংলার সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন সভায় বলেছেন, এখন তাঁর রাজনৈতিক গুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হয়তো সেজন্যই প্রধানমন্ত্রী হয়ে মোদী যেভাবে ঢুকেছিলেন সংসদে, ঠিক সেটাই অনুসরণ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারতীয় রাজনীতিতে বিজেপির শীর্ষ পদাধিকারীদের জনতার উদ্দেশে প্রণাম নতুন রাজনীতি রীতি তৈরি করল কি না সেটাও চর্চার বিষয়।