আরও মহার্ঘ হচ্ছে সোনা! মোদীর সংযমী-বার্তার পরই বাড়ল শুল্ক

131

১৩ মে ২০২৬, গুয়াহাটি: ভারতে বিদেশি মুদ্রার ভাণ্ডারে চাপ কমাতে এবার সোনা-রুপোর আমদানি শুল্ক বাড়াল কেন্দ্র। সরাসরি ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে আমদানি শুল্ক। বুধবার সরকারিভাবে এই নির্দেশ জারির পরই অর্থনীতি ও শিল্প মহলে শুরু হয়েছে আলোচনা। শুল্ক বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রা রক্ষা ও বাণিজ্য ঘাটতি কমানোর আশা করছে সরকার। এতে চাহিদা কমে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

কীভাবে বাড়ল আমদানি শুল্ক?

নতুন নিয়ম অনুযায়ী, ১০ শতাংশ বেসিক কাস্টমস ডিউটি ও ৫ শতাংশ এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট সেস (AIDC), এই দুই মিলিয়ে সোনা ও রুপোর কার্যকরী শুল্ক এখন ১৫ শতাংশ। আগে যা ছিল ৬ শতাংশ।

কেন শুল্ক বাড়াল সরকার?

ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনা ব্যবহারকারী দেশ। তবে দেশের চাহিদার প্রায় পুরোটাই মেটাতে হয় আমদানি করে। সম্প্রতি দাম বাড়ার পাশাপাশি ভারতে সোনা বিনিয়োগের চাহিদাও বেড়েছে। বিশ্ব গোল্ড কাউন্সিলের রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের মার্চ পর্যন্ত ভারতের গোল্ড ETF-এ বিনিয়োগ ১৮৬ শতাংশ বেড়ে রেকর্ড ২০ মেট্রিক টন হয়েছে। এই অবস্থায় সোনার আমদানি বাড়লে বিদেশি মুদ্রা খরচও বাড়ে। তাই কেন্দ্র চায় আমদানি কমাতে।

বিদেশি মুদ্রা ভাণ্ডার বাঁচাতে প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে সোনা কেনায় রাশ টানতে আর্জি জানিয়েছিলেন। তার কয়েকদিনের মধ্যেই এভাবে শুল্ক বাড়ানোয় চোরাচালান বাড়ার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শুল্ক বৃদ্ধি নিশ্চিতভাবেই সোনার আমদানি আরও কমাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে আমদানি কমলে বাণিজ্য ঘাটতি কমার সম্ভাবনাও রয়েছে।

সরকারের এই সিদ্ধান্ত বিদেশি মুদ্রা ভাণ্ডার রক্ষাতে কতটা সাহায্য করে, এখন সেটাই দেখার।