হলদিয়া পেট্রোকেমিক্যালসের পাইপলাইনে আগুন, ঝলসে গেলেন কয়েকজন

42

পৃথা দাশগুপ্ত, কলকাতা: হলদিয়া পেট্রোকেমিক্যালসের পাইপলাইনে মঙ্গলবার আচমকাই বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে হলদিয়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চিরঞ্জীবপুরে। হলদিয়ায় পেট্রোকেমিক্যালসের ন্যাপথা পাইপলাইনে আগুন ধরে যায় বলে খবর। বেশ কয়েকটি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুনে ঝলসে গিয়েছেন প্রায় ১৫ জন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১২টি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ চলছে এখনো। আগুন নিয়ন্ত্রণে আসার নাম গন্ধ নেই। প্রায় ৬ ঘণ্টা ধরে আগুন জ্বলছে। প্রথমে জল। এখন ফোম স্প্রে করা হচ্ছে।

স্থানীয় খবর, তখন ভোর ৪টে। আচমকাই হলদিয়া পেট্রোকেমিক্যালসের পাইপলাইনে বিকট শব্দ। সবাই অভিযোগ করছেন, সেই সময় বিস্ফোরণ ঘটেছে। আশপাশের বেশ কয়েকটি বাড়িতে আগুন লেগে যায়। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। রীতিমতো আতঙ্ক, উদ্বেগ । ঘটনাস্থলে পৌঁছয় দমকল। আগুনের তীব্রতা এত ছিল সঙ্গে সঙ্গে আরো দমকল ডাকা হয়। অগ্নিদগ্ধ অবস্থায় প্রায় ১৫ জনকে উদ্ধার করেন তাঁরা। তার পরে শুরু হয় আগুন নেভানোর কাজ।

আহতদের উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁদের মধ্যে পাঁচ জনকে স্থানান্তরিত করা হয়েছে তমলুক মেডিক্যাল কলেজে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। সকালেই আহতদের দেখতে তমলুক হাসপাতালে যান হলদিয়া বিধানসভার বিধায়ক প্রদীপ বিজলি।

প্রাথমিকভাবে প্রদীপ বিজলী জানান ‘পাইপলাইন লিক করে ন্যাপথা বেরিয়ে গিয়েছিল। সেখান থেকেই বিস্ফোরণ ঘটেছে।’

তবে কী ভাবে এই অগ্নিকাণ্ড তা স্পষ্ট নয়। ঘটনার পরেই একটি বিবৃতি জারি করেছে হলদিয়া পেট্রোকেমিক্যালস। বলা হয়েছে, ‘ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এর প্রভাব কতটা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।’ কর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন অগ্রাধিকার বলে জানিয়েছে সংস্থা।

কারখানার পাইপলাইনের যেখানে বিস্ফোরণ ঘটেছে তার পাশ দিয়ে গিয়েছে রেললাইন। বিস্ফোরণের জেরে রেল পরিষেবা ও বন্ধ থাকে। ওভারহেড ইলেকট্রিক লাইন এবং ট্রান্সফর্মার পুড়ে যায় । লাইনের বেশ কিছুটা অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। নিরাপত্তার কথা মাথায় রেখে হলদিয়া থেকে হাওড়াগামী প্যাসেঞ্জার ট্রেন এখনও ছাড়া হয়নি বলে রেল সূত্রে খবর।