বিধায়ক তহবিল বেড়ে হল দেড় কোটি টাকা

58

নিউজ ডেস্ক: অসমে বিধায়ক তহবিল ১ কোটি থেকে বেড়ে দাঁড়াল দেড় কোটি টাকা। ২০২৬-২৭ অর্থবর্ষে নিজের বিধানসভা কেন্দ্র উন্নয়নে এই টাকা পাবেন প্রত্যেক বিধায়ক। এখানেই শেষ নয়, আগামী অর্থবর্ষে অর্থাৎ ২০২৭-২৮-এই এমএলএল্যাডের টাকা আরও বাড়বে, হবে বিধায়ক পিছু ২ কোটি টাকা।
এমএলএল্যাড ২০১৩ নিয়মবিধি অনুযায়ী এই পদক্ষেপ করেছে অসম সরকার। অর্থ বৃদ্ধির পাশাপাশি উন্নয়নের ক্ষেত্রে আরও বেশি কাজের দিকে নজর দিচ্ছে সরকার।
বিধায়ক তহবিলের বার্ষিক অর্থের মধ্যে ১০ শতাংশ খরচ করতে হবে সাংস্কৃতিক ও ধর্মীয় গোষ্ঠীর সরঞ্জাম, গণ-প্রতিষ্ঠানের জন্য সংগীতের বাদ্যযন্ত্র, স্কুল ও তরুণদের ক্লাবের জন্য ক্রীড়া সামগ্রী কেনার ক্ষেত্রে। এ ছাড়া সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি পরিকাঠামোয় খরচ করতে হবে। সিলিং ফ্যান, ওয়াটার পিউরিফায়ার এবং প্রতিষ্ঠানে বৈদ্যুতিক সামগ্রী, সরকারি স্বাস্থকেন্দ্রের জন্য মেডিক্যাল সামগ্রী কিনতে হবে এই দশ শতাংশ অর্থে।


বিধায়ক তহবিল থেকে বিশেষভাবে সক্ষমদের সহায়তার জন্য বিভিন্ন সামগ্রী যেমন হুইলচেয়ার, ট্রাইসাইকেল, হাঁটার স্টিক, ক্রাচ, শ্রবণযন্ত্র এবং শিক্ষামূলক সামগ্রী কিনতে খরচ করা যাবে। এ ছাড়া জনগণের সুবিধার্থে যে কোনও কাজে বিধায়ক তহবিলের টাকা খরচ করতে হবে। তবে এসব খরচ মোট তহবিলের দশ শতাংশের মধ্যে থাকতে হবে। কোনও ব্যক্তিকে সাহায্যের ক্ষেত্রে জেলা প্রশাসনের অনুমতি নিতে হবে বিধায়ককে।