বাড়ছে বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা

3

১৩ মে, কলকাতা: আগামী সপ্তাহের মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। একধাক্কায় দ্বিগুণ হতে পারে বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতা।

তৃণমূল জমানায় ১০০০ টাকা করে ভাতা পেতেন প্রবীণরা। সূত্রের খবর, সেটাই এবার ২ হাজার টাকা হতে চলেছে। প্রতিবন্ধী ভাতাও হতে পারে ২ হাজার টাকা। ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডারের বরাদ্দ ৩০০০ টাকা করার কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। জুন মাস থেকেই সেই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তাঁরা।

রাজ্যে ক্ষমতা বদলের পর জনমানসে প্রশ্ন, সরকারি সুবিধা কি সকলেই পাবেন? সব সামাজিক প্রকল্প কি আগের মতোই থাকবে? সেই প্রশ্ন সমস্ত শঙ্কা আগেই দূর করেছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর তিনি জানিয়েছেন, রাজ্যে চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না।

অনেকেই এখনও সন্দিহান বিশেষ করে অন্নপূর্ণ যোজনার টাকা কি সকলেই পাবেন? এমনকি ভোটার তালিকায় নাম না থাকা সুবিধাপ্রাপকরাও কি আর কোনও সরকারি আর্থিক সাহায্য পাবেন? এই সংশয়ও এদিন দূর করেছেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি পরিষ্কারই জানিয়েছেন, যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাঁরা সকলেই জুন মাসে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা করে পাবেন। এমনকি ট্রাইব্যুনালে আবেদনকারীরাও পাবেন। সরকারের কাছে থাকা তথ্য স্ক্রুটিনি করে পরিবর্তিত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রায় ৪২ হাজার ইমাম এবং ২৭ লক্ষ মোয়াজ্জিন সরকারি ভাতা পান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, স্বচ্ছতা বজায় রাখতে এবার থেকে এই ইমাম-মোয়াজ্জিন ভাতা একটি পোর্টাল থেকেই দিতে হবে। সেই লক্ষ্যে দ্রুত পোর্টালে তথ্য আপলোড করার জন্য সংখ্যালঘু দফতরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশের পরই পোর্টাল আপডেটের বিষয়টি নিয়ে গতি বাড়িয়েছে রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দফতর।