শোয়েব আখতারের ভাইয়ের অন্ত্যেষ্টিতে পহেলগাওঁর মাস্টারমাইন্ড!

8

নিউজ ডেস্ক: পাকিস্তানের বিখ্যাত ফাস্ট বোলার শোয়েব আখতারের ভাইয়ের অন্ত্যেষ্টিতে পহেলগাঁও হত্যার মাস্টারমাইন্ড সইফুল্লা কাসুরি ও লস্ক-ই-তৈবার অন্যান্য সদস্যের উপস্থিতির ভিডিও বহু প্রশ্নের জন্ম দিয়েছে।
শোয়েব আখতারের বড় ভাই শাহিদ আখতারের মৃত্যু হয়েছে ২৪ জুন। শুধু পহেলগাঁওই নয়, মুম্বাইয়ে ২৬/১১ গণহত্যার মূলচক্রীদেরও দেখা গিয়েছে ভাইরাল ভিডিওতে। শাহিদ আখতারের অন্ত্যেষ্টি হয়েছে ইসলামাবাদের এইচ-৮ সমাধিক্ষেত্রে। সইফুল্লা কাসুরি ছাড়া অন্ত্যেষ্টিতে অংশ নিয়েছিলেন সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার রাজনৈতিক শাখা পাকিস্তান মারকাজি মুসলিম লিগের (পিএমএমএল) সভাপতি ইনাম উর রহমান।
রাষ্ট্রসংঘ আখ্যায়িত সন্ত্রাসবাদী হাফিজ সইদ গঠন করেছিলেন পিএমএমএল। এর আগে তাঁর প্রতিষ্ঠিত জামাত-উদ-দাওয়া এবং মিলি মুসলিম লিগকে নিষিদ্ধ করা হয়েছিল। ২০২৪ সালের পাকিস্তানের নির্বাচনে অংশ নিয়েছিল পিএমএমএল।
প্রকাশ্য অনুষ্ঠানে কাসুরির মতো সন্ত্রাসবাদীর বিচরণ ফের একবার স্পষ্ট করে দিয়েছে ভারত-বিরোধী সংগঠনকে কীভাবে সেদেশের প্রশাসন ছাড় দেয়।
২০১১ সালে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শোয়েব আখতার। ইদানীং তিনি বিভিন্ন চ্যানেলে ক্রিকেটের ধারাভাষ্য দেন। তাঁর সঙ্গে সন্ত্রাসবাদীদের সখ্য বহু প্রশ্নের জন্ম দিয়েছে।
২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওতে ২৫ জনকে নির্মমভাবে হত্যা করেছিল জঙ্গিরা। সেই হত্যার মূলচক্রী হিসেবে সইফুল্লা কাসুরির নাম উঠে আসে। তারপরই ভারতের অপারেশন সিঁদুর শুরু হয়। পাকিস্তানের মুরিদকেতে অবস্থিত লস্করের সদর দফতর গুঁড়িয়ে দেয় ভারতের সেনাবাহিনী। রাওয়ালপিন্ডি থেকে সুক্কুর পর্যন্ত বেশ কয়েকটি জায়গায় আক্রমণ করেছিল ভারত।
সেইসময় কাসুরির বেশ কয়েকটি ভারত-বিরোধী মন্তব্যের ভিডিও পাওয়া গিয়েছিল।