নিউজ ডেস্ক: ৮০তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর নতুন বার্তা সপ্তধারা। সপ্তসিন্ধুর প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন যে ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার যে লক্ষ্য স্থির করা হয়েছে তার জন্য দরকার সপ্তধারা, অর্থাৎ সাত দফা সংস্কার কর্মসূচি।
প্রধানমন্ত্রী ঘোষিত সাত দফা কর্মসূচির মধ্যে রয়েছে উৎপাদন শক্তি বা ম্যানুফ্যাকচারি। কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, প্রযুক্তি ও উদ্ভাবন শক্তি, গতি শক্তি অর্থাৎ দেশের নানা প্রান্তে দ্রুতগতির যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক শক্তি এবং ভারতের সফট পাওয়ার।
অর্থনীতির ক্ষেত্রে দুটি ক্ষেত্রে জোর দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রীষ পরিবেশবান্ধব অর্থনীতি ইংরেজিতে গ্রিন ইকোনমি এবং সমুদ্রবান্ধব অর্থনীতি ইংরেজিতে ব্লু ইকোনমি। পরিবেশের ক্ষতি না-করে কর্মসংস্থান তৈরি এবং অর্থনৈতিক অগ্রগতির উপায় স্থির করবে গ্রিন ইকোনমি। আবার সমুদ্র, নদী, জলাশয়ের জল কাজে লাগিয়ে অর্থনীতির উন্নয়ন হবে, যাকে বলা যায় ব্লু ইকোনমি।
সফট পাওয়ার বলতে ভারতের ঐতিহ্য, সংস্কৃতি এবং বিভিন্ন দেশের সঙ্গে কূটনীতির মাধ্যমে সুসম্পর্ক বজায় রাখার কথাই বলতে চেয়েছেন মোদী। এ ছাড়া যোগ, আয়ুর্বেদ এবং পর্যটনের উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য ২০২২ সালে স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ‘পাঁচ প্রতিজ্ঞা’-র কথা বলেছিলেন মোদী। যদিও সেই পাঁচ প্রতিজ্ঞা দেশ কতটা অনুসরণ করেছে, তার ফলে দেশের উন্নয়ন কতটা হয়েছে এসব প্রশ্নের কোনও উত্তর নেই।
Prev Post