১৩ মে, ২০২৬: স্কুলের চেয়ারে বসে পড়ুয়ারা। কারও কোলে পুতুল। কারও পিঠে। এমনকি স্কুলের টিফিনের সময়ও পুতুল তাদের সঙ্গী। এভাবেই চলছে ক্লাস।
চিনের একটি স্কুলে স্পেশালভাবে এই শিক্ষা দেওয়া হচ্ছে। সেই ছবি এখন ভাইরাল। কেন এই ব্যবস্থা ইউয়ানঝং স্পেশাল এডুকেশন স্কুলে? কর্তৃপক্ষ জানাচ্ছেন, মা-বাবা কত কষ্ট করে তাঁদের বড় করছেন তা বোঝাতেই এই বিশেষ ব্যবস্থা। কারণ দেখা গেছে, বেশকিছু পড়ুয়ার পড়াশোনার প্রতি মনযোগ নেই। অনলাইন গেমে আসক্তি। অল্পেই রেগে যাচ্ছে। এমনকি, অল্প বয়সেই সম্পর্কে জড়িয়ে পড়ছে কেউ কেউ। তাই বাস্তবের সঙ্গে পরিচয় করাতেই এই পড়ুয়াদের পুতুল নিয়ে শিক্ষা দিতে উদ্যোগী স্কুলটি। শিক্ষকদের নির্দেশ রয়েছে ক্লাস চলাকালীন পিঠে কিংবা কোলে পুতুলকে এমনভাবে রাখতে হবে যেন সত্যিই শিশুর মতোই তার খেয়াল রাখা হয়। এই অভিজ্ঞতার পর এক পড়ুয়া জানিয়েছে, প্রায় আড়াই কেজি ওজনের পুতুল নিয়ে এক কিলোমিটার হাঁটতে তার বেশ কষ্ট হয়েছে। সে বুঝতে পেরেছে তার অভিভাবকদের কতটা কষ্ট হয়।
স্কুলের প্রিন্সিপাল জানিয়েছেন, স্কুল পড়ুয়াদের বাস্তবের অভিজ্ঞতা দিতেই এই পরিকল্পনা। এক পড়ুয়ার মা জানিয়েছেন, আগের থেকে তাঁর সন্তান সম্মান দিতে শিখেছে। নেটিজেনদের কেউ কেউ বলছেন পুতুল জড় বস্তু। পড়ুয়ারা এতে বাস্তবের অভিজ্ঞতা পাবে না। সবসময় মনোযোগ না দিলেও পুতুল কোনও সাড়া করবে না। ফলে সঠিক শিক্ষা পাবে না পড়ুয়ারা।
চিনের এমন কিছু স্কুল রয়েছে যেখানে পড়ুয়াদের মিলিটারির মতো কঠোর অনুশীলন দেওয়া হয়। পড়ুয়াদের আচরণ ছাত্র সুলভ না হলে অনেক সময় মোটা অঙ্কের আর্থিক জরিমানাও করা হয়।