শিলচরে নীতি পুলিশের ‘দাপাদাপি’, যুবককে নগ্ন করে মারধরের অভিযোগ

148

১৩ মে ২০২৬, শিলচর: একেই কি বলে নীতি পুলিশি? আইন হাতে তুলে নিয়ে কাউকে শাস্তি দেওয়া, মারধর করাই কি নীতি পুলিশের কাজ? শিলচরে ঘটে গেল এমনই এক ঘটনা। এক যুবককে নগ্ন করে বেধড়ক মারধর করা হল। মারধরের ভিডিও করে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার অভিযোগ একদল যুবকের বিরুদ্ধে।

অভিযোগ, শিলচরের মেহেরপুরের একটি বিবাহ ভবনে ওই যুবককে ডেকে নিয়ে যায় তারই কয়েকজন সহপাঠী। সেখানে যাওয়ার পর ওই যুবককে বেধড়ক মারধর করতে শুরু করে যুবকের দল। এমনকি তার জামা কাপড় ছিঁড়ে ফেলে, তাকে নগ্ন করে ওঠবস করানো হয় বলে অভিযোগ। গোটা ঘটনার ভিডিও করে তারা। নির্যাতিত যুবকের অভিযোগ, তাঁকে মারধর করার পর তাঁর কাছে টাকা দাবি করে যুবকের দল। টাকা না দিলে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ারও হুমকি দেয় তাঁরা। ভিডিও ছড়ানোর লজ্জায়, ভয়ে অভিযুক্তদের ২০ হাজার টাকা দেয় নির্যাতিত। টাকা পেলেও পরে সেই ভিডিও তারা সমাজমাধ্যমে ভাইরাল করে দেয় বলে অভিযোগ নির্যাতিতের।

বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যেই শিলচর থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্তে নেমে ৪ অভিযুক্ত সাকরান লস্কর, সরফরাজ লস্কর, তানবির মজুমদার ও প্রমোদ যাদবের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।