সিঁড়িতে সাষ্টাঙ্গে প্রণাম করে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু, নিলেন বিধায়ক পদে শপথও
১৩ মে, ২০২৬, কলকাতা: অষ্টাদশ বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। বুধবার শুভেন্দু অধিকারীকে বিধায়ক হিসেবে শপথবাক্য পাঠ করালেন প্রোটেম স্পিকার তাপস রায়। ভবানীপুরের বিধায়ক হিসেবে এ দিন শপথ নেন শুভেন্দু অধিকারী। তার আগে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয় বিধানসভা চত্বরে। তার পর বিআর আম্বেদকরের মূর্তিতে মালা পরিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করে বিধানসভায় প্রবেশ করেন শুভেন্দু অধিকারী। তার পর নিজের ঘরে গিয়ে পুজোও দেন তিনি।
এ দিন বিধায়ক হিসেবে শুভেন্দু অধিকারীর সঙ্গে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ সহ আরও অনেকে। প্রথম দফায় দুপুর দেড়টা পর্যন্ত প্রায় ৮০ জন বিধায়কের শপথ। দ্বিতীয় পর্বের শপথগ্রহণ দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত। এ দিন উত্তরবঙ্গ, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা এবং নদিয়ার বিধায়কদের শপথগ্রহণ। বৃহস্পতিবার বাকি বিধায়কদের শপথগ্রহণ। ১৫ মে, শুক্রবার স্পিকার নির্বাচন। মঙ্গলবার পশ্চিমবঙ্গের লোকভবনে প্রোটেম স্পিকার পদে শপথ নেন তাপস রায়। তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরএন রবি।