আই এস আই সন্দেহে বনগাঁ থেকে গ্রেফতার পাক নাগরিক

29

পৃথা দাশগুপ্ত,কলকাতা: জঙ্গি সন্দেহে বনগাঁ থেকে গ্রেফতার রানা রাউত। ওয়াহাব আলম নাম নিয়ে কলকাতায় থাকছিল। জাল আঁধার বানিয়ে সে ভারতে প্রবেশ করেছিল। তাঁর সঙ্গে পাকিস্তানের আইএসআইয়ের যোগ রয়েছে বলে প্রাথমিক সন্দেহ তদন্তকারীদের। গোপন সূত্রে খবর পেয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত বনগাঁয় তল্লাশি চালিয়ে তাঁকে ধরে বেঙ্গল এসটিএফ।

রানা রাউত পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা । ২০১২ সালে ভারতে এসেছিল। নেপাল হয়ে বেআইনি জাল নথি দেখিয়ে ভারতে প্রবেশ করে।

সম্প্রতি জঙ্গি সন্দেহে এক ব্যক্তিকে ধরার পরই বাংলাদেশে পালানোর ছক কষছিল এই রানা। সেটা গোপন সূত্রে জানতে পায় এসটিএফ। তারপর আজ ভোরে তল্লাশি চালিয়ে বনগাঁ থেকে পাকড়াও করা হয় রানাকে।‌

তদন্তকারীদের অনুমান, নেপালে বেশ কিছুদিন থাকার পর বাংলায় থাকা শুরু করে। তদন্তে জানা গেছে, এই ব্যক্তি ভারতীয় রেল ও সেনার বিভিন্ন গতিবিধির উপর নজর রাখছিল।

পাশাপাশি তপসিয়া থেকে গ্রেফতার হয়েছে তাঁর এক সঙ্গী। তাঁকে জাল নথি বানিয়ে দিতে সাহায্য করেছিল কলকাতার তপসিয়ার যুবক মহম্মদ ইজাজ। তাঁকেও গ্রেফতার করেছে পুলিশ।

কেন বাংলাদেশে পালানোর ছক কষেছিল রানা? কেউ সেখানে তাঁর জন্য অপেক্ষা করছিল ? রানা এবং মহম্মদের সাথে আর কেউ জড়িত রয়েছে ? কি উদ্দেশ্য ছিল তাঁদের? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আজ আদালতে দুজনকে পেশ করার পর নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।