মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট

36

পৃথা দাশগুপ্ত, কলকাতা: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জামিন। যে ৬টি মামলায় তিনি গ্রেফতার হয়েছিলেন সেই সব মামলায় অন্তর্বতী জামিন দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ভোটের আগেই জেল থেকে ছাড়া পাবেন তিনি। তবে শর্তসাপেক্ষে ।

কলকাতা হাইকোর্টের নির্দেশ,

⏺️মিলন প্রধানকে তদন্তে সহযোগিতা করতে হবে।

⏺️আগামী তিন সপ্তাহের জন্য এই জামিন প্রযোজ্য থাকবে।‌

⏺️নির্বাচনী প্রক্রিয়া শেষ হলেই হলদিয়া আদালতে আত্মসমর্পণ করতে হবে মিলনকে।

⏺️সকাল সাড়ে ৮টা ও সন্ধ্যা সাড়ে ৯টায় সংশ্লিষ্ট থানায় ফোন করে তদন্তকারী আধিকারিকের সঙ্গে কথা বলতে হবে তাঁকে।

⏺️দশ হাজার টাকার দু’টি বেল বন্ডে এই জামিন

কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের আইনজীবী মিলন মুখোপাধ্যায় আজ আদালতে বলেন, প্রত্যেকটা মামলাই আলাদা ঘটনা নিয়ে হয়। ৬ এপ্রিল ২০২৬ কলকাতা বন্দর বিধানসভা নির্বাচনে লড়ার জন্য প্রার্থী রাকেশ সিং কে অন্তর্বতী জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। উদাহরণে তিনি অরবিন্দ কেজরিওয়ালের জামিনের কথাও উল্লেখ করেন।‌ ফলে মামলাকারীর আর্জি যে ভোটে লড়ার জন্য অন্তত অন্তর্বতী জামিন দেওয়া হোক।

সব শোনার পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন দেন। ২১ অক্টোবর মামলাটি ফের শুনবে উচ্চ আদালত।

১৯ বছরের পুরনো মামলায় পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে গ্রেফতার করা হয় মিলন প্রধানকে। তাঁর বিরুদ্ধে ২০০৭ সালের জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলন পর্বে খুন, খুনের চেষ্টা, লোকজন নিয়ে জমায়েত, লুটপাট-সহ নন্দীগ্রাম থানায় তিনটি এবং খেজুরি থানায় একটি মামলা রুজু হয় বলে পুলিশ সূত্রের খবর।