পৃথা দাশগুপ্ত,কলকাতা:সল্টলেকে বাড়ি দখল মামলায় কলকাতা হাইকোর্টে জামিন পেলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। বাড়ি জবরদখলের অভিযোগ এবং শ্লীলতাহানির অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। শর্তসাপেক্ষে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। তদন্তে সহযোগিতা করতে হবে। পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতার বাইরে যেতে পারবেন না জয়প্রকাশ মজুমদার । তাঁর জামিন মঞ্জুর করলেন বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়।
৩ জুন গ্রেফতার হয়েছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। শ্লীলতাহানির অভিযোগ, ফ্ল্যাট দখলের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। ফ্ল্যাটে তালা লাগানো নিয়ে দু-পক্ষের বিবাদ শুরু হয়। বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের হয়। পরে তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ।
২০১২ সালে বিধান নগরে ফ্ল্যাটটি জয়প্রকাশ ভাড়া নিলেও চুক্তির মেয়াদ ২০১৫ সালে শেষ হয়ে যায়। তারপরে আর নতুন করে কোনও চুক্তি হয়নি। তা সত্ত্বেও তিনি রাজনৈতিক প্রভাব দেখিয়ে সেই ফ্ল্যাট দখল করে রেখেছিলেন বলে অভিযোগ। তিনি যাঁর সঙ্গে চুক্তি করেছিলেন,তিনি মারা যান। এরপর তাঁর স্ত্রীর সঙ্গে ফ্ল্যাট ছেড়ে দেওয়ার কথা হয় জয়প্রকাশ মজুমদারের। কিন্তু অভিযোগ, তা সত্ত্বেও ফ্ল্যাটটি ছাড়েননি জয়প্রকাশ মজুমদার। এখানেই গন্ডগোলের সূত্রপাত। জয়প্রকাশ মজুমদারের ফ্ল্যাটে ওই প্রবীণ মহিলা তালা দিয়ে দিলে অভিযোগ, এই প্রবীণ মহিলাকে জয়প্রকাশ মজুমদার ধাক্কা মারেন। বিধাননগর উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে এসে জয়প্রকাশ মজুমদারকে গ্রেফতার করে। বিএনএসের একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়। এরপরেই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তার মামলা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়ে ছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ । এরপরে প্রধান বিচারপতি ঠিক করে দেন জয়প্রকাশ মজুমদারের মামলা কে শুনবেন। আজ বিচারপতি অজয় মুখোপাধ্যায়ের এজলাসে মামলার শুনানি ছিল । বিচারপতি অজয় মুখোপাধ্যায় শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে।