সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতকে হুমকি পাকিস্তানের

78

নিউজ ডেস্কঃ সিন্ধু জল চুক্তি নিয়ে ফের ভারতকে হুমকি পাকিস্তানের। নিজেদের ভাগের জল পেতেই হবে পাকিস্তানকে, কোনওভাবেই ভারত সেটা আটকে রাখতে পারবে না। পাক মন্ত্রীর হুঁশিয়ারি, সিন্ধুর জল না পেলে হাত কেটে নেওয়া হবে। এখানেই শেষ নয়, ভারতকে আক্রমণেরও হুমকি দিয়েছে পাকিস্তান।

সিন্ধু জল চুক্তি নিয়ে ফের ভারতকে হুমকি ইসলামাবাদের। সিন্ধু নদীর জলের ভাগ-বাটোয়ারা নিয়ে ফের গর্জে উঠেছে পাকিস্তান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করে নিয়ে তীব্র কটাক্ষ পাকিস্তানের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সমন্বয় মন্ত্রী মুসাদিক মালিকের। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে মুসাদিক জানান, ‘১৯৬০-এর সিন্ধু জল চুক্তি কার্যকর করতে হবে। নিজেদের ভাগের জল পেতে হবে পাকিস্তানকে।’ ভারতকে পরোক্ষে আক্রমণেরও হুমকি দিয়েছে পাকিস্তান।

পহেলগাঁও নর-সংহারের পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি বাতিল করে দিয়েছিল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সিন্ধু, চেনাব ইত্যাদি নদীর জল বন্ধ করে দিয়েছিল ভারত। তখন থেকেই সিন্ধুর জলের ভাগ-বাটোয়ারা নিয়ে দুদেশের মধ্যে বাকযুদ্ধ চলে আসছে।

একাধিক পাকিস্তানি নেতা-মন্ত্রী প্রকাশ্যে ভারতকে আক্রমণের হুমকি দিয়ে আসছেন। কিন্তু পাকিস্তানের এই হুমকিকে পাত্তাই দেয়নি নয়া দিল্লি। সিন্ধু চুক্তি নিয়ে এবার সরব পাকিস্তানের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সমন্বয় মন্ত্রী। মুসাদিকের স্পষ্ট ঘোষণা, শর্ত অনুযায়ী নিজেদের প্রাপ্য জলের ভাগ পেতে মরিয়া পাকিস্তান। কোনওভাবেই পাকিস্তানের জল আটকে রাখতে পারবে না ভারত।

বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর ভারত-পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জহওরলাল নেহরু এবং পাক রাষ্ট্রপতি মোহম্মদ আয়ুব খান চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী সিন্ধুর পূর্ব পাড়ের তিনটি উপনদী বিয়াস, রবি ও সাটলেজের জলের সম্পূর্ণ অধিকার থাকবে ভারতের হাতে। আবার পশ্চিম পাড়ের তিন নদী, ইন্ডাস, চেনাব ও জেলুমের জলের অধিকার থাকবে পাকিস্তানের কাছে। অবাঞ্চিত কোনও পরিস্থিতিতে ভারত যাতে পাকিস্তানে কৃত্রিম খরা বা বন্যার মতো কোনও পরিস্থিতি তৈরি করতে না পেরে, এটা মাথায় রেখেই দ্বিপাক্ষিক এই চুক্তি হয়েছিল।

কিন্তু পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার পর কঠোর অবস্থান নেয় ভারত। ভারতের এই অবস্থানের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে নালিশ জানিয়েছিল পাকিস্তান। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। নিজেদের অবস্থানে অনড় থাকে ভারত। বরং ২০২৮ এর জুন নাগাদ পাকিস্তানের দিকে প্রবাহিত হওয়া সিন্ধুর জলপ্রবাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় নয়া দিল্লি। কেন্দ্রীয় জল ও শক্তিমন্ত্রী সি আর পাটিলের এমন ইঙ্গিতের পর হুমকি দিতে শুরু করে পাকিস্তান।

পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হমকি দেন। কারণ, তীব্র জলসঙ্কটের মধ্যে থাকা দিশেহারা পাকিস্তানের যে কোনওভাবেই সিন্ধু নদীর জল চাই। কিন্তু সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া পাকিস্তানের বিরুদ্ধে কঠোর থাকার সিদ্ধান্ত নিয়েছে নয়া দিল্লি। ভারতের সাফ কথা, সন্ত্রাসের বিরুদ্ধে যতক্ষণ নিজেদের অবস্থান স্পষ্ট করছে না পাকিস্তান ততক্ষণ জল চুক্তির শর্তও মানবে না ভারত।