গ্রেফতার অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলি

60

পৃথা দাশগুপ্ত,কলকাতা: মঙ্গলবার সকালে হঠাৎ প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বাড়িতে হাজির হয় কেন্দ্রীয় সংস্থা এনআইএ। প্রায় ঘন্টাখানেক তল্লাশির পর গ্রেফতার করা হয় আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী কাউন্সিলর শাকির আলিকে । ২০২৩ এ রামনবমীর অশান্তির মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

২০২৩ এ রামনবমীর মিছিল বেরোয়। সেই মিছিলে অশান্তির অভিযোগ ওঠে। ওই অশান্তির ঘটনায় মোট ৬টি মামলা হয়। এর মধ্যে ২ টি মামলা হয় রিষড়ায়। এই মামলায় আগেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের জেরা করে তদন্তকারীদের হাতে আসে শাকির আলির নাম। তার ভিত্তিতেই গ্রেফতার।‌

এনআইএ সূত্রে খবর, ধৃতদের বয়ানের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়ো খতিয়ে দেখেন আধিকারিকরা। অশান্তি ও ভাঙচুরের ঘটনার পিছনে পরিকল্পনা ও উস্কানি কার ছিল ? সেই তদন্ত করতে গিয়েই উঠে আসে কাউন্সিলর শাকির আলির নাম।

আজ সকালে হঠাৎ এলাকায় পৌঁছে যায় এনআইএ, সঙ্গে ছিলেন ৩ ভ্যান সিআরপিএফ জওয়ান। রিষড়ায় তাঁদের বাড়ি চারপাশ দিয়ে ঘিরে ফেলা হয়। জানা যায়, ওই বাড়িতেই থাকতেন অপরূপা পোদ্দারের স্বামী। তাঁকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গ্রেফতার করে এনআইএ। বুধবার শাকির আলিকে আদালতে পেশ করা হবে। এন আই এ তাঁকে নিজেদের হেফাজতে চাইবে এমনটাই সূত্রের খবর।