তৃণমূল কংগ্রেসের তহবিল কার? ফের দ্রুত শুনানির আর্জি কালীঘাট তৃণমূলের

38

পৃথা দাশগুপ্ত, কলকাতা: তৃণমূলের তহবিলে কার? তা নিয়েই এবার সরাসরি আইনি লড়াই। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে আজ এই মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হয়। এই মামলায় পুলিশ, ব্যাঙ্ক কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারকেও যুক্ত করা হয়েছে।

তৃণমূল কংগ্রেসের ৪৫০ কোটি টাকার তহবিলের গন্ডগোল পৌঁছল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। ব্যাঙ্কের তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ। সেই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল শিবির। এই মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তৃণমূলের আইনজীবী। আদালত জানিয়েছে, সমস্ত পক্ষকে নোটিস দেওয়ার পর মঙ্গলবার শুনানির বিষয়টি বিবেচনা করা হবে। বিচারপতি ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, মামলায় যুক্ত অন্য সমস্ত পক্ষকে আগে নোটিস দিতে হবে। সব পক্ষকে নোটিস দেওয়ার পর মঙ্গলবার শুনানির বিষয়টি বিবেচনা হবে।

প্রায় ৪৫০ কোটি টাকার তহবিল নিয়ে কালীঘাট তৃণমূল বনাম ঋতব্রত তৃণমূলের লড়াই। তোলপাড় তৃণমূল কংগ্রেস। ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় পুলিশ। জানা গিয়েছে, এইচডিএফসি ব্যাঙ্কের ওই তিনটি অ্যাকাউন্টে আপাতত কোন লেনদেন করা যাচ্ছে না।

ঋতব্রত শিবিরের ১০ জন বিধায়ক গিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন, যে দলের এই বিপুল টাকার লেনদেনে কোনও স্বচ্ছতা নেই। অবিলম্বে এই অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি জানানো হয়। তড়িঘড়ি পুলিশ পদক্ষেপ করে এইচডিএফসি ব্যাঙ্কের ৩টি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। এখন দেখার, তৃণমূলের ফ্রিজ হওয়া অ্যাকাউন্ট নিয়ে কী সিদ্ধান্ত নেয় কলকাতা হাইকোর্ট।