NEET UG ২০২৬ বাতিল, সিবিআই তদন্ত

35

NEET UG 2026 : প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল হয়ে গেল সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট ইউজি ২০২৬ । নতুন করে পরীক্ষা নেওয়া হবে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি । গত ৩ মে দেশজুড়ে প্রবেশিকা পরীক্ষা হয়েছিল। এ বার নিট ইউজি পরীক্ষায় বসেছিল ২২ লক্ষের বেশি ছাত্র-ছাত্রী। পরীক্ষার আগের দিন থেকেই রাজস্থানের বেশ কিছু জায়গায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। রাজস্থানের বিশেষ তদন্তকারী গ্রুপ তদন্ত শুরু করে।

সোমবার তদন্তকারীরা প্রাথমিক রিপোর্ট জমা দেয়। রিপোর্টে বেশ কিছু জায়গায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে উল্লেখ করেছে বিশেষ তদন্তকারী গ্রুপে। এর পরই ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতির কথা বিচার করে ৩ মে-এর প্রবেশিকা পরীক্ষা বাতিল করা হল। তথ্য-প্রমাণের ভিত্তিতে এই পরীক্ষাকে মান্য স্বীকৃতি দেওয়া যায় না। স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার খাতিরেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত। পুনরায় নতুন করে পরীক্ষা নেওয়া হবে। নতুন প্রশ্ন পত্র তৈরি করে , সেই প্রশ্ন পত্রের উপর পরীক্ষা নেওয়া হবে। কারা প্রশ্ন ফাঁস করেছে এবং কীভাবে প্রশ্ন ফাঁস হয়েছে, সমস্ত কিছুর তদন্ত সিবিআই-এর হাতে।

রাজস্থানের বিশেষ তদন্তকারী গ্রুপের তদন্তে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, ৩ মে পরীক্ষার কয়েক দিন আগে থেকে একটি হাতে লেখা প্রশ্নপত্র পরীক্ষার্থীদের কাছে পৌঁছয়। নাম দেওয়া হয় ‘গেস পেপার’। সেই প্রশ্নপত্রে প্রায় ১৪০টি প্রশ্ন ও উত্তর ছিল। পরীক্ষার দিন দেখা যায় মোট ৭২০ নম্বরের প্রশ্নের মধ্যে গেস পেপারের ৬০০ নম্বরের প্রশ্ন হুবহু মিলে গিয়েছে। সেই রিপোর্ট ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে পাঠানো হয়। রবিবার এনটিএ জানায় তাঁরা প্রশ্ন ফাঁসের বিষয়টি জানেন, রাজস্থান পুলিশ তদন্ত করছে। এর পর মঙ্গলবার তদন্তকারীদের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে গোটা পরীক্ষা বাতিল করে দেওয়া হয়।