প্রশ্ন ফাঁসের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে নাসিক পুলিশ। রাজস্থান পুলিশের পক্ষ থেকে নাসিক পুলিশের কাছে অভিযুক্তের তথ্য পাঠানো হয়। সেই তথ্যের ভিত্তিতে নাসিক থেকে ২ জনকে গ্রেফতার করা হয়। পুলিশের চোখে ধুলো দিতে অভিযুক্তরা মাথার চুল কেটে ফেলেছিল। নাসিক পুলিশ জানিয়েছে প্রযুক্তির সাহায্যে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। ধৃতদের হেফাজতে নিয়ে নাসিকের উদ্দেশে রওনা দিয়েছে রাজস্থান পুলিশ। নাসিক পুলিশ জানিয়েছে ধৃতেদর রাজস্থান পুলিশের হাতে তুলে দেওয়া হবে।
রাজস্থান পুলিশ সূত্রে খবর, বিশেষ তদন্তকারী গ্রুপ যে হাতে লেখা প্রশ্নপত্রটি পেয়েছে সেটি পরীক্ষা করা হয়েছে। ধৃতদের হাতের লেখার সঙ্গে সেই লেখা পরীক্ষা করে দেখা হবে। ধৃতদের জেরা করে জানার চেষ্টা করা হবে তাঁদের সঙ্গে সর্বভারতীয় কোনও চক্রের যোগ রয়েছে কি না। বিগত বেশ করেক বছরে বার বার প্রশ্ন ফাঁস হয়েছে। এর পিছনে আন্তর্জাতিক কোনও চক্র রয়েছে কি না তাও জানার চেষ্টা চলছে।
২০১৭, ২০২১, ২০২৪ এর পর ফের ২০২৬ সালেও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। বাতিল হয়ে যায় সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট ইউজি ২০২৬ । ৩ মে দেশজুড়ে প্রবেশিকা পরীক্ষা হয়েছিল। এবার নিট ইউজি পরীক্ষায় বসেছিল ২২ লক্ষের বেশি ছাত্র-ছাত্রী। পরীক্ষার আগের দিন থেকেই রাজস্থানের বেশ কিছু জায়গায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। রাজস্থানের বিশেষ তদন্তকারী গ্রুপ তদন্ত শুরু করে। তদন্তকারীরা প্রাথমিক রিপোর্টে জানতে পেরেছেন, রাজস্থানের বেশ কয়েকটি জায়গায় প্রশ্ন পত্র ফাঁস হয়েছে।