ভোট পরবর্তী হিংসা নিয়ে এবার আদালতে তৃণমূল

7

ভোটের পর জেলায় জেলায় বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটছে। ইতিমধ্যেই তাঁদের বেশ কয়েকজন কর্মী ও সমর্থকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। দলের বিভিন্ন অফিস ভাঙচুর হয়েছে বলেও অভিযোগ। এনিয়ে সামাজিক মাধ্যমে সোচ্চার হয়েছেন তৃণমূল নেতারাও। আবেদন একগুচ্ছ দাবি করে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। দ্রুত শুনানির আর্জি জানিয়ে মামলা দায়ের করেছেন উত্তরপাড়ার তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। শীর্ষণ্য তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র। মামলার আবেদন দাবি করা হয়েছে, হিংসা বিধ্বস্ত এলাকায় দ্রুত শান্তি ফেরাতে হবে, সিট গঠন করে প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে, আক্রান্তদের নিরাপত্তা সহ ঘরছাড়াদের ঘরে ফেরাতে হবে। ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা।