গ্রেফতার ‘বাংলা পক্ষ’-র প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়; EVM নিয়ে গুজব ও উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ
কলকাতা: ফের আইনি বিপাকে ‘বাংলা পক্ষ’-র প্রতিষ্ঠাতা তথা সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। মঙ্গলবার সকালে কলকাতার দেশপ্রিয় পার্ক এলাকা থেকে তাঁকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সাইবার সেল। অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচন চলাকালীন তিনি ইভিএম নিয়ে গুজব ছড়িয়েছিলেন এবং উস্কানিমূলক মন্তব্য করেছেন।
পুলিশ সূত্রে খবর, নির্বাচন কমিশনের নির্দেশে কলকাতা উত্তরের ডিইও (DEO) স্মিতা পাণ্ডে,ময়দান থানায় গর্গের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ ছিল, গর্গ দাবি করেছিলেন, রাতে সিল করা সত্ত্বেও ভোটগণনার সময় ইভিএম হাত বদল হচ্ছে। তদন্তকারীদের দাবি, এই ধরনের মন্তব্য আদর্শ আচরনবিধি ও সাইবার আইনের পরিপন্থী। এর পাশাপাশি কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ জানিয়েছেন, গর্গকে দুবার তলব করা হলেও তিনি হাজিরা দেননি । যার ফলে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
গ্রেফতারের সময় গর্গের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর (PSO) কাছে থেকে ২৪ রাউন্জ কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ইভিএম (EVM) সংক্রান্ত মন্তব্যের পাশাপাশি গর্গের বিরুদ্ধে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরির চেষ্টার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।
কে এই গর্গ চট্টোপাধ্যায়?
২০১৮ সালে বাংলা পক্ষ প্রতিষ্ঠা করেন গর্গ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এই চিকিৎসকের বিরুদ্ধে এর আগেও অহোম সম্প্রদায়কে অপমান করার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। বাংলায় বাঙালি অধিকার এবং সরকারি চাকরিতে ১০০ শতাংশ সংরক্ষণের দাবি জানিয়ে তিনি শিরোনামে এসেছিলেন। বাংলার পূর্বতন সরকার তৃণমূলের সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা রাজনৈতিক মহলে চর্চিত ছিল। এবার সরাসরি কমিশনের নিশানায় পড়লেন তিনি।
বুধবার গর্গ চট্টোপাধ্যায়কে আদালতে পেশ করা হবে।