মদের দোকান বন্ধ, পোস্টার-ব্যানার লাগানোয় নিষেধাজ্ঞা বিজয়ের

5

তামিলনাড়ু, ১২ মে ২০২৬: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েই সমর্থকদের কাছে যোসেফ বিজয়ের আবেদন, দয়া করে ব্যানার, পোস্টার লাগাবেন না। মুখ্যমন্ত্রী হয়ে বিজয়ের প্রথম পদক্ষেপ ৭১৭টি মদের দোকান বন্ধ করা। তামিলনাড়ু সরকারের এসব মদের দোকান ছিল ধর্মীয় স্থান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে। সকালে এই নির্দেশ দেওয়ার পর বিকেলে বিজয়ের নির্দেশ, সরকারি জায়গায় কোনও ব্যানার-পোস্টার লাগানো চলবে না। এতে সাধারণ মানুষ ও যানবাহনের অসুবিধা হয়।
এক্স পোস্টে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী লিখেছেন, তামিলিগা ভেট্রি কাঝাগম প্রতিষ্ঠিত হয়েছিল একটিই উদ্দেশ্য নিয়ে, তা হল মানুষের উপকার করা। সবার মনে রাখা দরকার, বর্তমান যে মুখ্যমন্ত্রী মানুষের ভোটে নির্বাচিত, তাঁর উপর বিশাল দায়িত্ব রয়েছে। পোস্টার-ব্যানার বা অনুষ্ঠান উদযাপনের জন্য সাধারণ মানুষের অসুবিধা হলে কড়া পদক্ষেপ করা হবে। এমন একটি রাজনৈতিক পরিবেশের পক্ষে মানুষ রায় দিয়েছে, যা নেতার ‘লার্জার-দ্যান-লাইফ’ কাট-আউট, ব্যানারের পরিপন্থী।
বুধবার, তামিলনাড়ু বিধানসভায় বিজয়কে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। ২৩৪ আসনের মধ্যে তাঁর দল টিভিকে জিতেছে ১০৮ আসনে। বিজয় নিজে জিতেছেন দু’টি আসনে। ফলত, একটি ভোটই তিনি দিতে পারবেন। যদিও বিজয়ের দলকে সমর্থন করেছে কংগ্রেস, সিপিআই, সিপিএম, ভিসিকে ও আইইউএমল। সব মিলিয়ে বিজয়ের পক্ষে ১১৮ বিধায়কের সমর্থন আছে।