দেশে জ্বালানি সঙ্কট, কনভয়ে কাটছাঁট প্রধানমন্ত্রীর

43

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে ভারতে গভীর প্রভাব পড়েছে। দেশে বাড়তে থাকা জ্বালানি সঙ্কটের মধ্যেই এবার সাশ্রয়ী ভূমিকায় স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাধারণ মানুষকে পেট্রোল-ডিজেল কম খরচের পরামর্শ দেওয়ার পর এবার নিজেই উদাহরণ তৈরি করলেন মোদী। নিজের কনভয়ের গাড়ির সংখ্যা এক ধাক্কায় অর্ধেক কমানোর সিদ্ধান্ত নিলেন তিনি। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর কনভয়ে এবার ইলেকট্রিক গাড়ির ব্যবহার বাড়ানো হবে। যা কার্যত দেশকে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পথ দেখানোর নতুন উদ্যোগ।

সূত্রের খবর, কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা SPG-কে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর কনভয়ের গাড়ির সংখ্যা কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে, নিরাপত্তায় যাতে কোনওমতেই ঘাটতি না হয়, সেদিকে নজর রাখতে হবে। নির্দেশমতো পরিবর্তন কার্যকর করতে শুরু করেছে SPG। শুধু গাড়ির সংখ্যা কমানোই নয়, পরবর্তীতে কনভয়কে ধাপে ধাপে ইভি (Electric Vehicle)- নির্ভর করার পরিকল্পনাও করেছেন প্রধানমন্ত্রী।

হায়দরাবাদের এক জনসভায় প্রধানমন্ত্রীর কনভয়ে গাড়ির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যেতে দেখা যায়। এরপর ভাদোদরা ও গুয়াহাটিতেও দেখা যায় একই ছবি। মোদির আবেদনের পর সরকারি ক্ষেত্রেও এর প্রভাব দেখা যাচ্ছে। গাড়ি ছেড়ে মেট্রো, ই-রিকশায় যাতায়াত করতে দেখা গিয়েছে একাধিক মন্ত্রীকে। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে কনভয় গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। পাশাপাশি মধ্যপ্রদেশ, রাজস্থান-সহ বিজেপির শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও তাঁদের গাড়ি কনভয় কমানোর নির্দেশ দিয়েছেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কনভয়ের ১৩ থেকে কমিয়ে ৮টি গাড়ি ব্যবহারের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাও তাঁর কনভয়ের গাড়ির সংখ্যা ১০ থেকে কমে ৫ করা হয়েছে।