১৫ দিন অন্তর এই কাজ করতেই হবে, পুলিশদের কড়া নির্দেশ লালবাজারের

28

১৩ মে ২০২৬, কলকাতা: ২০১৭ সালের জানুয়ারিতে, কলকাতা পুলিশের একাংশের অতিরিক্ত ওজন বা ভুঁড়ি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। যেখানে প্রশ্ন উঠেছিল, এই ধরনের পুলিশ কর্মীরা কীভাবে অপরাধীদের ধাওয়া করে বা আইন-শৃঙ্খলা রক্ষা করতে সক্ষম হবেন? পুলিশের শারীরিক সক্ষমতা ও সতর্কতা বজায় রাখার নীতি সম্পর্কে জানতে চেয়ে আদালত তৎকালীন রাজ্য সরকারের স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছিল। তারপর কেটে গেছে ৯ বছর।


এখন রাজ্যে নতুন সরকার। পুলিশের প্রতি ডিভিশনে ১৫দিন অন্তর একবার মাস্টার প্যারেডের নির্দেশ দেয়েছে লালবাজার। সব র‍্যাঙ্কের পুলিশ কর্মীদের এই প্যারেডে অংশগ্রহণ বাধ্যতামূলক। এর সঙ্গে থাকবে ক্রাউড ম্যানেজমেন্ট ও টিম বিল্ডিং-এর উপর সংক্ষিপ্ত প্রশিক্ষণ। প্রতি ডিভিশনে এই প্যারেডে উপস্থিতির রেজিস্টার সংরক্ষণ করতে হবে এবং মাসিক রিপোর্ট জমা দিতে হবে জয়েন্ট সিপি হেডকোয়ার্টারের কাছে। লালবাজারের তরফ থেকে জারি করা হয়েছে নির্দেশিকা। যেখানে স্পষ্ট বর্তা, কোনও গাফিলতি বরদাস্ত হবে না।


বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ডিউটিতে থাকা কিছু পুলিশ কর্মীর মধ্যে দলগত সমন্বয়ের অভাবও চোখে পড়েছে। ভিড় নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় দক্ষতার ঘাটতিও লক্ষ্য করা গেছে। এই পরিস্থিতির মোকাবিলায় বাহিনীর শৃঙ্খলা, কমান্ড ও কন্ট্রোল শক্তিশালী করতে প্রতিটি ডিভিশনে প্রতি পনেরো দিনে একবার মাস্টার প্যারেড আয়োজনের নির্দেশ দেয়েছে লালবাজার। সব কাজ ঠিকঠাক হচ্ছে কি না সেই রিপোর্ট দিতে হবে জয়েন্ট সিপি হেডকোয়ার্টারকে।