১৩ মে, গুয়াহাটি: আদালতে জামিন পেলেও স্বস্তিতে নেই বরিষ্ঠ কংগ্রেস নেতা পবন খেরা। অসম পুলিশের অপরাধ শাখার দফতরে হাজির AICC-এর মিডিয়া সেলের প্রধান পবন খেরা। দিল্লি থেকে খেরাকে ছুটে আসতে হয়েছে গুয়াহাটিতে। আদালতের নির্দেশ মেনে গুয়াহাটিতে অসম পুলিশের ক্রাইম ব্রাঞ্চে হাজিরার জন্য উপস্থিত হন পবন খেরা। এর আগে সুপ্রিম কোর্ট পবন খেরাকে পুলিশের তদন্ত প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতার নির্দেশ দিয়েছিল। খেরার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে একাধিক ভুয়ো তথ্য প্রচারের গুরুতর অভিযোগ রয়েছে।
অসম বিধানসভার সাম্প্রতিক নির্বাচনে রাজনৈতিক ফায়দা তোলার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে অসত্য তথ্য ছড়ানোর অভিযোগ পবন খেরার বিরুদ্ধে। বুধবার হিমন্ত বিশ্ব শর্মা সরকারের প্রথম দিন। ফের NDA সরকার ক্ষমতায় আসার প্রথম দিনই শুরু হলো পবন খেরার বিরুদ্ধে অভিযোগ নিয়ে তদন্ত প্রক্রিয়া।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভুঁইয়া শর্মার দায়ের করা একটি মামলায় এদিন অসম পুলিশের অপরাধ শাখায় হাজির হন পবন খেরা। সরকারি সূত্রে জানা গেছে, তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করেছেন খেরা। এর আগে সুপ্রিম কোর্ট পবন খেরাকে আগাম জামিন মঞ্জুর করেছিল। অপরাধ শাখার অফিসের বাইরে সাংবাদিকদের কাছে খেরা বলেন, তিনি আইন মেনে চলবেন এবং বিচার ব্যবস্থার উপরে তাঁর আস্থা রয়েছে।