ত্রিপুরায় শিক্ষকের মারে গুরুতর আহত ছাত্র

8

১৩ মে ২০২৬, ত্রিপুরা : ত্রিপুরায় শিক্ষকের মারে গুরুতর আহত ছাত্র। অভিভাবকের তরফে শিক্ষকের বিরুদ্ধে থানায় দায়ের হলো মামলা। ঊনকোটি জেলার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রাধা কিশোর ইনস্টিটিউশনে শিক্ষকের মারধরের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের। অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষক সপ্তদ্বীপ চক্রবর্তীর মারে গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে শয্যাশায়ী অষ্টম শ্রেণির এক ছাত্র। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও সাধারণ মানুষ।

এবিষয়ে কৈলাসহর পৌর পরিষদের এক নম্বর ওয়ার্ড ব‌উলাপাশা এলাকার বাসিন্দা তথা আহত ছাত্রের বাবা গোপাল মিত্র অভিযোগ করেন, স্কুলে ক্লাস চলাকালীন বিজ্ঞান বিভাগের শিক্ষক সপ্তদ্বীপ চক্রবর্তী অষ্টম শ্রেণির পড়ুয়াকে বেধড়ক মারধর করেন। বেপরোয়া মারে বাড়ি ফিরে অসুস্থ হয়ে বমি করতে শুরু করে ওই ছাত্র। বাধ্য হয়ে অসুস্থ ছেলেকে জেলা হাসপাতালে ভর্তি করেন গোপাল মিত্র।

ওই শিক্ষকের বিরুদ্ধে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ করেন আক্রান্ত ছাত্রের বাবা। তাঁর বক্তব্য অন্যায় করলে ছাত্রকে বেত দিয়েও মারা যায় কিংবা অবিভাবককে জানানো যেতো। কিন্তু তা না করে ছাত্রের পিঠে কিল মারার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন আহত ছাত্রের বাবা। ঘটনার সঠিক বিচারের দাবি জানান তিনি।