১৩ মে ২০২৬: ইরান-আমেরিকা যুদ্ধের ধাক্কায় একদিকে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম অন্যদিকে বহু দেশের আকাশসীমা নিয়ে বিড়ম্বনা। জোড়া ফলায় বিদ্ধ হয়ে বহু উড়ান সংস্থাই তাদের পরিষেবায় কাটছাঁট করতে বাধ্য হয়েছে। এবার সেই পথে হাঁটল এয়ার ইন্ডিয়াও।
আগামী অগাস্ট মাস পর্যন্ত ছয় রুটে আন্তর্জাতিক উড়ান পরিষেবা বন্ধ করে দিল তারা। এই সমস্ত রুটে বিমান চালানো খরচ অত্যদিক বেড়ে যাওয়ার কারণেই এমন সিদ্ধান্ত বলে এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে।
দিল্লি-শিকাগো, মুম্বই-নিউইয়র্ক, দিল্লি-সাংহাই, চেন্নাই-সিঙ্গাপুর ও মুম্বই-ঢাকা রুটে অগাস্ট মাস পর্যন্ত বন্ধ করা হল উড়ান পরিষেবা। তবে প্রতি মাসে বিভিন্ন আন্তর্জাতিক রুটে এখনও ১২০০ বিমান চলবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
এয়ার ইন্ডিয়ার বিবৃতিতে আরও জানানো হয়েছে, প্রতি সপ্তাহে উত্তর আমেরিকাগামী ৩৩ উড়ান চলবে। ইউরোপের জন্য প্রতি সপ্তাহে চলবে ৪৭ উড়ান। প্রতি সপ্তাহে ব্রিটেনগামী উড়ান চলবে ৫৭টি। অস্ট্রেলিয়ায় যাবে ৮ উড়ান। এছাড়া পূর্ব এশিয়া, দক্ষিণপূর্ব এশিয়া এবং সার্ক রিজিয়নে চলবে সপ্তাহে ১৫৮টি উড়ান এবং মরিশাসগামী উড়ান চলবে প্রতি সপ্তাহে সাতটি।
ইতিমধ্যেই যুদ্ধ পরিস্থিতিতে কৃচ্ছ্বসাধনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র। সাধারণ মানুষকে অকারণে অন্তত এক বছর বিদেশভ্রমণ থেকে বিরত থাকার আর্জি জানিয়েছেন তিনি। মোদীর এই আর্জির পরেই এদিন বিবৃতি দিয়ে আন্তর্জাতিক উড়ান পরিষেবায় রাশ টানার কথা ঘোষণা করল এয়ার ইন্ডিয়া। তবে উড়ান সংস্থার এই বিবৃতির সঙ্গে প্রধানমন্ত্রীর আবেদনের সরাসরি কোনও যোগ রয়েছে কিনা তা স্পষ্ট নয়।