ভবানীপুরে বিজয় মিছিল শুভেন্দু অধিকারীর

32

১৩ মে,২০২৬ ,কলকাতা : বুধবারই বিধানসভায় ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি জানান নন্দীগ্রাম বিধানসভা ছাড়ছেন। এর পর বিকেলে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজয় মিছিল করেন তিনি। চেতলা শ্যাম বোস রোড থেকে শুরু হয় মিছিল। প্রতীকী রাম সীতা,থেকে বাংলার মনীষী দিয়ে সুসজ্জিত মিছিল পরিক্রমা করে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ রাস্তা । ছিল ব্যান্ড পার্টি, ব্যাগ পাইপার, শঙ্খ, ধামসা মাদল, সাঁওতাল নৃত্য, রণ পাও ।

বিশাল বর্ণাঢ্য অভিনন্দন যাত্রায় পা মেলালেন ভবানীপুর অঞ্চল সহ আশপাশের অঞ্চলের বিজেপির কর্মী সমর্থকেরা। এলাকা থেকে নির্বাচিত হওয়া মুখ্যমন্ত্রী কে দেখার জন্য রাস্তার পাশে ভিড় জমিয়েছিলেন অগণিত সাধারণ মানুষ। তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের পাড়া থেকে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের রাস্তা অতিক্রম করে মিছিল।

ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর মনোনয়নের দিন উত্তাল হয় ভবানীপুর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মিছিল হাজরা মোড় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় ধুন্ধুধুমার বেঁধে গিয়েছিল। বিজেপি ও তৃণমূল কংগ্রেসের পাল্টা স্লোগান ব্যানার মাইকে তারস্বরে গানে কার্যত শব্দযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল ওই এলাকায়। সেই ঘটনা পুলিশ কড়া হাতে সামাল দিয়েছিল। তবে এদিন মিছিল যাওয়ার সময় ওই এলাকার মানুষদের দেখা যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিবাদন জানাতে। মিছিল হাজরা মোড় হয়ে এক্সাইড মোড় হয়ে ক্যামাক স্ট্রিটে শেষ হয়।