১৩ মে ২০২৬, কলকাতা : বুধবার নবান্নে সচিবদের নিয়ে ফের বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে এ দিন বেশ কয়েকজন বিধায়ক কে ডেকেও বৈঠক করেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। এখনো পর্যন্ত সম্পূর্ণ মন্ত্রিসভা গঠন হয়নি। বিধায়কদের মধ্যে যিনি যে বিষয়ে পারদর্শী তাদের একটি করে কমিটি তৈরি করে দিয়েছেন তিনি। সেই কমিটিকে নির্দিষ্ট বিষয়ে একটি রূপরেখা দুদিনের মধ্যে তৈরি করতে বলা হয়েছে। এর মধ্যে মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন শিক্ষা এবং স্বাস্থ্য দফতরকে। এই দুটি দফতরে অতি দ্রুত তিনি সশরীরে সেখানকার আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন বলে জানিয়েছেন।
যেমন, তথ্য ও সংস্কৃতি দফতরের সঙ্গে যুক্ত করা হয়েছে সাংস্কৃতিক ক্ষেত্রের বিধায়কদের। যাঁদের মধ্যে রয়েছে রুদ্রনীল ঘোষ, রূপা গাঙ্গুলি, পাপিয়া অধিকারী এবং হিরণ চট্টোপাধ্যায়। শিক্ষা দফতরের সঙ্গে যুক্ত করা হয়েছে স্বপন দাশগুপ্তকে। স্বাস্থ্য দফতরের সঙ্গে যুক্ত করা হয়েছে বেহালা পশ্চিমের বিধায়ক ইন্দ্রনীল খাঁ সহ ৭ জন চিকিৎসক বিধায়ককে। দুদিনের মধ্যে এই সমস্ত বিধায়কদের যুক্ত করার কাজ শেষ করতে হবে। এরা রূপরেখা তৈরি করে মুখ্যমন্ত্রীর কাছে জমা দেবেন। মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রী পুরো বিষয়টা খতিয়ে দেখবেন।
বুধবারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মোয়াজ্জেম ভাতা দেওয়া হবে অনলাইনে। বৃহস্পতিবার থেকেই তা চালু হবে। বিএসএফকে কাঁটাতারের জন্য জমি হস্তান্তরের বিষয় নন্দিনী চক্রবর্তীকে জমি হস্তান্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। ক্ষুদ্র শিল্প দপ্তরে কেন্দ্রীয় প্রকল্পের প্রায় ২৫ লক্ষ আবেদন পড়ে রয়েছে। তার শীঘ্রই নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।
জলজীবন মিশনের অধীন ‘কল আছে জল নেই’ এই সমস্যা আর চলবে না। সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের গাইডলাইন অনুযায়ী টেন্ডার বা দরপত্র ডাকতে হবে।
দ্রুততার সাথে স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া শুরু করতে হবে। সোমবার থেকেই স্নাতক স্তরে ভর্তির জন্য অনলাইন প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
শিল্প ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প দফতরে প্রকল্পের প্রায় ২৫ লক্ষ আবেদন পড়ে রয়েছে। দ্রুত তার নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়। এদিকে রাজ্যের ভাড়ারে টান। প্রকল্পের সংখ্যাও অনেক। এরসঙ্গে যুক্ত হয়েছে একাধিক ভবিষ্যৎ পরিকল্পনা। সেই কথা মাথায় রেখে রাজ্যের নিজস্ব আয় বাড়ানো নিয়ে সোমবারের মন্ত্রিসভার বৈঠকে আলোচনার সম্ভাবনা রয়েছে।