রবিবার ফের বন্ধ বিদ্যাসাগর সেতু

7

পৃথা দাশগুপ্ত, কলকাতা: রবিবার ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু । মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা সম্পূর্ণ বন্ধ থাকবে সেতু, বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে কলকাতা পুলিশ। ‌

সূত্রের খবর, হুগলি রিভার ব্রিজ কমিশনার্স বিদ্যাসাগর সেতুর স্টে কেবল, হোল্ডিং-ডাউন কেবল এবং বেয়ারিং বদলের কাজ করা হবে রবিবার । জনসাধারণের নিরাপত্তার কথা ভেবে এবং সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, তাই রবিবার দিনটা বাছাই করা হয়েছে। বিভিন্ন দিক থেকে আসা যানবাহনকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এজেসি বোস রোড ধরে জিরুট আইল্যান্ডের দিক থেকে বিদ্যাসাগর সেতুর দিকে আসা পশ্চিমমুখী যানবাহন টার্ফ ভিউ হয়ে গ্রেড রোড, হেস্টিংস ক্রসিং, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড এবং হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

জে অ্যান্ড এন আইল্যান্ডের দিক থেকে কে.পি. রোড ধরে সেতুমুখী যানবাহন ১১ নম্বর ফারলং গেট থেকে হেস্টিংস ক্রসিং হয়ে স্ট্র্যান্ড রোড ও হাওড়া ব্রিজের পথে চলবে।

খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড ধরে আসা পূর্বমুখী যানবাহন হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড এবং হাওড়া ব্রিজ ব্যবহার করতে পারবে।

এছাড়া ওয়াই-পয়েন্ট র‍্যাম্প দিয়ে যে গাড়িগুলি বিদ্যাসাগর সেতু হয়ে যাওয়ার কথা, সেগুলিকে ওয়াই-পয়েন্ট থেকে কে.পি. রোড, ১১ নম্বর ফারলং গেট, কে.পি. রোড ও রেড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে।