বিনামূল্যে নয়, এবার থেকে পার্কে বসতে হলে গুণতে হবে টাকা

36

নিজস্ব প্রতিনিধি: পার্কে বসে বন্ধুর সঙ্গে দুদণ্ড জিরোনোর কথা ভাবছেন? পাশাপাশি বসে হাতে হাত রেখে ভালোবাসার কথা বলবেন ভাবছেন? তাহলে আপানাদের জন্য রইল এই প্রতিবেদন।

এতদিন গুয়াহাটির পার্কগুলিতে বিনামূল্যে প্রবেশাধিকার ছিল আট থেকে আশি সকলেরই। কিন্তু এবার থেকে পার্কে ঢুকতে হলে গুণতে হবে অন্তত ২০টাকা। জিএমডিএ-র পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। ৫জুলাই থেকে কার্যকর হচ্ছে এই নয়া নিয়ম।

গুয়াহাটির কোন পার্কে প্রবেশে কত টাকা….

তবে ৯ বছর অনুর্ধ শিশুদের জন্য, বরিষ্ঠ নাগরিক(senior citizen) এবং বিশেষভাবে সক্ষমদের জন্য বিনামূল্যে প্রবেশাধিকার থাকছে গুয়াহাটির পার্কগুলিতে। পাশাপাশি প্রাতঃভ্রমণকারীদের জন্যও সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত পার্কে প্রাতঃভ্রমণের ব্যবস্থা থাকছে। তার জন্য আপনাকে কোন ধরনের এন্ট্রি ফি দিতে হবে না।

গাছ-গাছালির মাঝে, বিভিন্ন রাইডস চড়তে, ফোয়ারার আনন্দ উপভোগ করতে পার্কে প্রতিদিনই ভিড় করেন অনেকেই। শুধু যুব প্রজন্মই নয়, বয়স্ক থেকে শুরু করে বাচ্চারাও পার্কে গিয়ে আনন্দে মেতে ওঠেন। কিন্তু সেই আনন্দে এবার কিছুটা হলেও ভাটা পড়ল। রোজ রোজ এত টাকা খরচ করে পার্কে গিয়ে বসতে কতজনই বা চাইবে? আবার একেবারেই যে চাইবে না, তাও বলা যায় না।

প্রসঙ্গত, গুয়াহাটির উপকণ্ঠে রানির কাছে অ্যাকোল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কটিও বন্ধ করার নির্দেশ কামরূপ মেট্রো প্রশাসনের। অ্যাকোল্যান্ডের জল থেকে গুরুতর স্বাস্থ্য সমস্যা বা কৃত্রিম দুর্যোগ আসতে পারে, এই আশঙ্কায় অ্যাকোল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন।

উল্লেখ্য, শহরের সৌন্দর্য্যায়নে ইদানিং বেশ কয়েকটি নতুন নতুন পার্ক করেছে জিএমডিএ। আর প্রতিদিনই সেখানে প্রচুর মানুষ ভিড় করছেন। তবে, এবার থেকে গুয়াহাটির পার্কগুলিতে এন্ট্রি ফি দিয়ে কতটা ভিড় হয়, সেটাই দেখার।