পৃথা দাশগুপ্ত: গ্রাহকদের জন্য স্বস্তি। আপাততত স্থগিত তিনদিনের ব্যাঙ্ক ধর্মঘট। আজ থেকে খোলা ব্যাঙ্ক। ব্যাঙ্ক ইউনিয়নের তরফেই রবিবার রাতে জরুরী ভিত্তিতে বৈঠক করা হয়। রাতেই ঘোষণা করা হয় যে আজ থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নের দাবি, তাঁদের তিনদিনের ব্যাঙ্ক ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহারের কারণ ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার প্রস্তাবে রাজি হয়েছে। এই কমিটি পর্যালোচনা করবে যে ব্যাঙ্ক কর্মীদের সপ্তাহে পাঁচদিন কাজের প্রস্তাবটি আদৌ গ্রহণ করা সম্ভব কি না। সমস্ত দিক বিচার করেই সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি পারফরম্যান্স ভিত্তিক ইনসেনটিভ স্কিম স্কেল-৪ এর বিষয়ে তারা ভাবনা-চিন্তা করবেন। আদৌ এই স্কিম চালু করা সম্ভব কিনা সেটাও তারা দেখবেন।
ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনও জানিয়েছে, যুগ্ম কমিটি বছরের বাকি শনিবারগুলি ছুটি ঘোষণা করা যায় কি না, তা পর্যালোচনা করে দেখবে। ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের সঙ্গে ইউনিয়ন ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের দীর্ঘ আলোচনা এবং দফায় দফায় বৈঠক হয় রবিবার রাতে। তারপরেই আজ থেকে ৩০ সেপ্টেম্বর বুধবার পর্যন্ত ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাঙ্কে স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে। আর্থিক লেনদেন করতে পারবেন গ্রাহকরা।
আপাতত প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। আপাতত তাই থাকবে। এই কমিটিকে অবিলম্বে সিদ্ধান্ত নিতে হবে এমন কোন দাবি ওঠেনি। তাই আপাতত ব্যাংকে আর অচলাবস্থা তৈরি হবে না এই আশা করাই যায়।