দিল্লি হাইকোর্ট, বিমানবন্দরে স্বাধীনতা দিবসের আগে বোমা হামলার হুমকি

45

নিউজ ডেস্ক: স্বাধীনতা দিবসের ৮০তম বর্ষপূর্তি উদযাপনের একদিন আগে হুমকি। স্বাধীনতা দিবসের একদিন আগে দিল্লি হাইকোর্ট, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানীর আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে শুক্রবার বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। হুমকি দেওয়া হয় মেলের মাধ্যমে। ই-মেল অনুযায়ী, শনিবার দুপুর ২টা ১১ মিনিটে দিল্লি হাইকোর্টে একটি বোমা বিস্ফোরণ ঘটবে এবং তার এক ঘণ্টা পর বিভিন্ন জেলা আদালতে বিস্ফোরণ ঘটানো হবে। হুমকিমূলক ই-মেলের বিষয় ছিল “Blast Delhi High Court @2:11 PM”। ই-মেলটি খালিস্তানের নামে পাঠানো হয়েছে এবং দিল্লির একাধিক জায়গায় বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। ই-মেলে দাবি করা হয়েছে, দিল্লিকে খালিস্তানে পরিণত করা হবে। ই-মেলে দিল্লির আদালতে শিখদের বিরুদ্ধে মামলা চালানোর অভিযোগও করা হয়েছে। ই-মেলে আরও দাবি করা হয়েছে যে খালিস্তানপন্থী সদস্যরা ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছে। হুমকির তালিকায় আরও ছয়টি স্থান রয়েছে, এগুলি হল জামনগর হাউস, ঝান্ডেওয়ালান ভবন, সাকেত অফিস, জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ এবং দিল্লি ক্যান্টের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অফিস। এ ছাড়া দিল্লি মেট্রো এবং আম্বালা-গামী ট্রেনগুলোকেও হামলার হুমকি দেওয়া হয়েছে। হুমকি পাওয়ার পর তৎপর হয়েছে প্রশাসন। নিরাপত্তা সংস্থাগুলোকে সতর্ক করা হয়েছে এবং আদালত চত্বরজুড়ে ব্যাপক নিরাপত্তা তল্লাশি চলছে। সব জায়গায় দমকলের গাড়ি পাঠানো হয়েছে এবং নিরাপত্তা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে। যদিও এখন পর্যন্ত তদন্তে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।