জেন জি-র পর বিক্ষোভে জেন আলফা

30

নিউজ ডেস্ক: দিল্লির যন্তর মন্তরে জেন-জির আন্দোলনে সাফল্যের পর দেশের বিভিন্ন রাজ্যে আন্দোলনে নেমেছে স্কুলপড়ুয়ারা অর্থাৎ জেন আলফা। সেদিকে চোখ রেখে ককরোচ জনতা পার্টি এবারের স্বাধীনতা দিবসে নতুন প্রচার কর্মসূচি হাতে নিয়েছে, যার নাম স্কুল ঠিক করো।
১১ আগস্ট উত্তরপ্রদেশের হামিরপুরে একটি স্কুলের পড়ুয়ারা স্কুলের রাস্তা পাকা করার দাবিতে মিছিল করে যায় জেলাশাসকের দফতরে। হাতে তাদের ছিল জাতীয় পতাকা, মুখে স্লোগান, সঙ্গে মা-বাবারা। ৩ জুলাই একই দাবিতে স্কুলপড়ুয়ারা বিক্ষোভ দেখিয়েছিল।
উত্তরপ্রদেশের ফতেপুর জেলার কিষানপুরের সরস্বতী ইন্টার কলেজের ১৫০০ পড়ুয়া ২৮ জুলাই শান্তিপূর্ণ অবস্থান-বিক্ষোভ করেছে। তাদের দাবির মধ্যে ছিল পরিস্রূত পানীয় জল, সঠিক মিড-ডে মিল, শ্রেণিকক্ষের পাখা লাগানো প্রভৃতি। প্রশাসন তাদের দাবি মেনে নিয়ে পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে।
রাজস্থানের বারমিরের একটি স্কুলের পড়ুয়ারা স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করে। সেই স্কুলে শিক্ষকের অভাব। অস্থায়ী শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা।
রাজস্থানের জয়পুরে মূক-বধির স্কুলের পড়ুয়ারাও বিক্ষোভ দেখায় স্কুলের দুর্বল পরিকাঠামোর বিরুদ্ধে। রাজস্থানের জালোরেও শিক্ষক নিয়োগের দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ চলে।
উত্তরাখণ্ডের দেরাদুনে দৃষ্টিহীন স্কুলের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সুযোগ-সুবিধা বৃদ্ধি, অস্থায়ী সহায়তার দাবিতে বিক্ষোভ-অবস্থান চালিয়ে যাচ্ছে। বিহারের গয়া জেলার সিমুয়ারা মিডল স্কুলের পড়ুয়ারা ৩০ জুলাই স্থানীয় সাব-ডিভিশনাল কার্যালয়ে মিছিল করে গিয়ে স্কুলের দুর্বল ব্যবস্থাপনা, সুযোগ-সুবিধার অভাবের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানায়।
মধ্যপ্রদেশের সিরোজে বাসের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ করে স্কুলছাত্রীরা। উচ্চমাধ্যমিক ছাত্রীরা বাসস্ট্যান্ডে গিয়ে টানা স্লোগান দিতে থাকে।
মহারাষ্ট্রের ধারাশিব জেলার সোনারি গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের পড়ুয়ারা শিক্ষকের অভাব পূরণের দাবিতে জেলা প্রশাসনের দফতরের বাইরে অবস্থান-বিক্ষোভ করে। যোগ দেন তাদের মা-বাবারা।
মহারাষ্ট্রের খেতাপুর এলাকার পড়ুয়ারা স্কুলপথে সরকারি বাসের দাবিতে বিক্ষোভ দেখিয়েছে। নাসিকের পড়ুয়ারা স্কুলের গ্রাউন্ড রিপোর্ট তৈরি করে দেখিয়েছে কত দুর্বল পরিকাঠামো স্কুলের।