জমির ‘কাঁটায়’ ফাঁকা পড়ে সীমান্ত। কাঁটাতারহীন অবস্থায় ভারত-বাংলাদেশের একাধিক সীমান্ত এলাকা। ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ২ হাজার ২১৭ কিলোমিটার। এই বিস্তীর্ণ এলাকা পশ্চিমবঙ্গের অন্তর্গত। এর মধ্যে ১ হাজার ৬৪৮ কিলোমিটার সীমান্তে কাঁটাতার রয়েছে। সদ্য প্রাক্তন তৃণমূল সরকারের আমলে বারবার বিজেপির অভিযোগ ছিল, ‘জমি দিচ্ছে না রাজ্য, তাই কাঁটাতার বসানো যাচ্ছে না’। এবার পশ্চিমবঙ্গে নয়া বিজেপি সরকার প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বিএসএফ-এর হাতে জমি তুলে দিতে উদ্যোগী। মঙ্গলবার থেকে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু এই কাজ কতটা মসৃণ হবে?
৫৬৯ কিলোমিটারের মধ্যে ১১৩ কিলোমিটার এলাকা কাঁটাতার দেওয়া সম্ভব নয়। কারণ এই অংশটি নদী সীমান্তের অন্তর্গত। বাকি ৪৫৬ কিলোমিটার এলাকা কাঁটাতার দেওয়া সম্ভব বলে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে। এদিকে, ইমধ্যেই কেন্দ্র ১৮১ কিমি জমির জন্য টাকা বরাদ্দ করে দিয়েছেষ। অথচ রাজ্য সরকার সেই জমি হস্তান্তর করতে অস্বীকার করেছিল বলে তৃণমূল সরকারের দিকে অভিযোগ উঠেছিল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ১০৫ একর জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে তৎকালীন পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। যার মধ্যে ১৭ কিলোমিটার সীমান্তজুড়ে কাঁটাতার বসাতে প্রয়োজন ৬৭ একর জমি। ৯ বর্ডার আউটপোস্ট নির্মাণে প্রয়োজন ১৮ একর জমি। জমি মালিকদের থেকে এই জমি কিনে তা বিএসএফের হাতে তুলে দিতে জেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছিল। তবে তা কার্যকর করা হয়নি।
গত ২৭ জানুয়ারি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তৎকালীন রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল, কেন্দ্রের টাকা মেটানো হয়েছে এমন সীমান্তবর্তী জমি আগামী ৩১ মার্চের মধ্যে BSF-কে হস্তান্তর করতে হবে। এবার সেই জমি হস্তান্তরের প্রক্রিয়াও শুরু হল।