পুজোর মাসের আগেই চুক্তি শেষ! চাকরির নিরাপত্তার দাবিতে রাজপথে ফের কম্পিউটার শিক্ষকরা

8

পৃথা দাশগুপ্ত: ফের রাজপথে এক ছবি। নিয়োগের দাবিতে রাজপথে শিক্ষকরা। চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভে করুণাময়ীতে‌। বিকাশ ভবনের দিকে মিছিল যেতে গেলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। পুলিশি বাধার মুখে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন আইসিটি ঐক্যমঞ্চের আন্দোলনকারীরা। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি।

পাঁচ বছরের চুক্তিতে একাধিক বেসরকারি সংস্থার মাধ্যমে রাজ্যের তিন হাজারের বেশি কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হয়েছিল ২০২২ সালের আগে-পরে। সেই অনুযায়ী কারও চাকরির মেয়াদ উত্তীর্ণ হচ্ছে চলতি বছর, কারও ২০২৭-এর শুরুতে। কিন্তু সম্প্রতি ওই বেসরকারি সংস্থার তরফে চিঠি দিয়ে জানানো হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। আগামী ৯ অক্টোবরের মধ্যে যাবতীয় নথি দায়বদ্ধ সংস্থার কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

আন্দোলনকারী শিক্ষকদের দাবি, আগের ফেজের মতো সরকারিকরণ। আগে এক থেকে পঞ্চম ফেজ অনুযায়ী শিক্ষকদের ২৫ থেকে ৩০ হাজার টাকা বেতন দেওয়া হয়। সরকারি চুক্তি করে তাঁদেরকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়। কিন্তু চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা সেখানে সেই একই কাজ করে পান ৬৮০০ থেকে ৭০০০ টাকা। তাই তাঁদের দাবি , আগের পর্যায়ের মতো সরকারিকরণ করতে হবে।‌

পাশাপাশি গত বছর তাঁদের ইন্টারভিউ হয়। যেই ইন্টারভিউ চলে মার্চ পর্যন্ত। ‌ কিন্তু এখনো পর্যন্ত কোন নিয়োগ হয়নি। দ্রুত যাতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় সেই দাবিও রাখছেন তাঁরা।

মূলত বিকাশভবনের উদ্দেশে যেতে চেয়েছিলেন আন্দোলনকারীরা। কিন্তু করুণাময়ী মেট্রো স্টেশনের আগেই তাঁদের পথ আটকে দেয় পুলিশ। তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

বিকাশভবনের ঢোকার আগেই পুলিশ পথ আটকালে তাঁরা মাঝ রাস্তায় বসে পড়েন। দাবি, সরকারের তরফ থেকে তাঁদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। থালা বাজিয়ে ও রাস্তার শুয়ে পড়ে বিক্ষোভ শিক্ষকদের। পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকানোর চেষ্টা করলে ব্যারিকেড ফেলে এগনোর চেষ্টা করেন তাঁরা।

আপাতত পুলিশের তরফে জানানো হয়, ১০ জনের প্রতিনিধি দলকে বিকাশভবনে যেতে দেওয়া হবে। যদিও আন্দোলনকারীদের তরফে সাফ জানানো হয় যে চাকরি সুনিশ্চিত করার সরকারি বিজ্ঞপ্তি ছাড়া কোনও ভাবেই আন্দোলন থেকে তাঁরা পিছু হটবেন না।