খাড়গের সভার শুদ্ধিকরণ নিয়ে উত্তাল রাজ্যসভা

24

নিউজ ডেস্ক: উত্তরাখণ্ডে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন সভার পর সেই মঞ্চ শুদ্ধিকরণ করেছে বিজেপি, এই অভিযোগে বাদল অধিবেশনের শেষদিনেও রাজ্যসভা উত্তাল হয়ে উঠল। রাজ্যসভার বিরোধী দলনেতা খাড়গে বলেন, সম্প্রতি আমি উত্তরাখণ্ডের হলদিওয়ানিতে রামলীলা ময়দানে সভা করি। সেখানে কোনও সম্প্রদায়, গোষ্ঠী বা ধর্মের নামোল্লেখ করিনি। কিন্তু আমার সভার পর সেখানকার মঞ্চ শুদ্ধিকরণ করেছে বিজেপি কর্মীরা। আমি দলিত, সেজন্যই কি অস্পৃশ্য? দলিতদের কোনও সভায় ভাষণ দেওয়ার অধিকার নেই? প্রশ্ন তোলেন মল্লিকার্জুন খাড়গে।
৮ আগস্ট, খাড়গের সভার দুদিন পর উত্তরাখণ্ডের হলদিওয়ানির রামলীলা মঞ্চ গোবর, গঙ্গাজল দিয়ে ধুয়েছে একটি দক্ষিণপন্থী সংগঠন। যা নিয়ে উত্তরাখণ্ডের রাজনীতিতে শোরগোল চলছে। রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়গে বলেন, এটা গণতান্ত্রিক পদ্ধতি? এভাবে আপনারা সংবিধান রক্ষা করছেন? আমি রাজ্যসভার বিরোদী দলনেতা, আমার কোনও সভায় ভাষণ দেওয়ার অধিকার নেই?
রাজ্যসভায় খাড়গের অভিযোগ সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেন, বিজেপি এরকম কাজ সমর্থন করে না। স্বাধীন ভারতে অস্পৃশ্যতার মতো বড় অন্যায় আর নেই। এটা অবশ্যই নিন্দনীয়। যারা করেছে তাদের গ্রেফতার করতে হবে। এনিয়ে দ্বিমত থাকা উচিত নয়, বলেন রাজ্যসভার লিডার নাড্ডা।
যদিও শুদ্ধিকরণের ঘটনার সঙ্গে বিজেপির দূরত্ব তৈরি করেছেন জেপি নাড্ডা। তিনি বলেন, বারবার বলবেন না এটা বিজেপি করেছে। বিজেপি এধরনের কাজ সমর্থন করে না। আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে যারা এই কাজ করেছে তাদের গ্রেফতার করা হবে। বিজেপির সর্বভারতীয় সভাপতি এটা দেখবেন। আপনার আবেগ আহত হয়েছে, এটা আমাদের সবার জন্যই দুঃখের বিষয়।
উত্তরাখণ্ডের রামলীলা ময়দান শুদ্ধিকরণের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে একজন বলেছেন, এই জায়গার ধর্মীয় গুরুত্ব আছে এবং এটা শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য।
উত্তরাখণ্ডের কংগ্রেস সভাপতি গণেশ গোডিয়ালের অভিযোগ, খাড়গের সভামঞ্চ শুদ্ধিকরণে জড়িত শ্রীরাম সেনা দল। তাঁর মতে, এই সংগঠন সরাসরি বিজেপির সঙ্গে যুক্ত। গোডিয়ালের অভিযোগ, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দলিত বলেই এটা করা হয়েছে। দলিতদের প্রতি বিজেপির মনোভাব এই ঘটনায় পরিস্ফুট।