প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৃচ্ছ্রসাধনের বার্তায় তিন বড় সিদ্ধান্ত অসমের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার

60

স্টাফ রিপোর্টার, গুয়াহাটি: আগামী এক বছর সোনা ক্রয় না করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পেট্রোল-ডিজেল, ভোজ্য তেল ব্যবহারের ক্ষেত্রে সংযমী হওয়ার বার্তা দিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রীর কৃচ্ছ্রসাধনের বার্তায় এবার সাড়া দিল অসম সরকার। প্রথম মন্ত্রিসভার বৈঠকে একাধিক সংযমী সিদ্ধান্ত নবনিযুক্ত মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
আগামী ছয় মাস বিদেশ ভ্রমণে না যাওয়া ও পেট্রোপণ্য ব্যবহারে সংযমী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

বুধবার কইনাধরায় অনুষ্ঠিত হল হিমন্ত সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক। এতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের চার নবনিযুক্ত মন্ত্রী অজন্তা নেওগ, অতুল বরা, চরণ বড়ো ও রামেশ্বর তেলি। বৈঠকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর কৃচ্ছ্রসাধনের বার্তাকে পাথেয় করল হিমন্ত মন্ত্রিসভা।

কী কী সিদ্ধান্ত নেওয়া হল মন্ত্রিসভার বৈঠকে?

বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি

বিদেশ ভ্রমণে না যেতে দেশবাসীকে পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ছয় মাস অসম সরকারের কোনও মন্ত্রী-বিধায়ক বা সরকারি কর্মচারী বিদেশ ভ্রমণে যেতে পারবেন না। এমনকি ব্যক্তিগত খরচেও আগামী ছয়মাস কেউ বিদেশ যেতে পারবেন না। একমাত্র চিকিৎসার জন্য সরকারি কর্মী বা জনপ্রতিনিধিরা বিদেশ যেতে পারবেন। বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন সেমিনার, সভা-সমিতিতে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে যোগদানের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা।

সভা-সমিতি আয়োজনে বিধি-নিষেধ

আগামী ছয় মাস রাজ্য সরকার কোনও ধরণের সভা সমিতি আয়োজন করবে না হিমন্ত বিশ্ব শর্মা সরকার। প্রয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে বৈঠক। এই সিদ্ধান্তের ফলে অতিরিক্ত খরচ যেমন কমবে তেমনি, পেট্রোপণ্যের ব্যবহারও অনেকটা কমবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা।

পেট্রোল-ডিজেল ব্যবহারে সংযম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেট্রোল-ডিজেল ব্যবহার কমানোর পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শ মেনে অসম সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছে। বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, আগামী ছয় মাস নতুন মন্ত্রীদের পুরোনো গাড়িতেই চলাফেরা করতে হবে। সরকার নতুন গাড়ি কিনবে না। পাশাপাশি, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীর কনবয়ে থাকা গাড়ির সংখ্যা কমানো হবে। সরকারি কাজে ইলেকট্রিক গাড়ি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে অসম সরকার আগামী একবছর পেট্রোল-ডিজেল ব্যবহার পরিমাণ কুড়ি শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ২৩ মে থেকে শুরু হচ্ছে অসম বিধানসভার অধিবেশন

অসম মন্ত্রিসভার বৈঠকে গ্রহণ করা হল আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত

বুধবারের বৈঠকে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরমধ্যে অন্যতম সিদ্ধান্ত হচ্ছে, সরকারি নিযুক্তি নিয়ে। নির্বাচনের আগে বিজেপি বলেছিল, ক্ষমতায় এলে আগামী পাঁচ বছরে আরও দু-লক্ষ সরকারি নিযুক্তি হবে। অসম মন্ত্রিসভার বৈঠকে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। কীভাবে দু-লক্ষ চাকরি প্রদান করা হবে তা নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করার সিদ্ধান্ত। মুখ্যসচিব টাস্ক ফোর্সের প্রধান হবেন। প্রতিটি সরকারি বিভাগের সঙ্গে আলোচনা করে আগামী দিনে সরকারি নিয়োগের রূপরেখা তৈরি করবে এই টাস্ক ফোর্স। একই সঙ্গে নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সব প্রতিশ্রুতির কথা বলেছিলেন, সেই সব প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করার অঙ্গীকার অসম সরকারের। সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা।